সংক্ষেপে সারা দেশ
অ্যানথ্রাক্সসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের জয়পুর গ্রামে আরও দুজনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত করা হয়েছে। অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়া ব্যক্তিরা হলেন আমিনা বেগম (২৮) ও আবদুল হামিদ (৩৫)। ইউনিয়ন স্বাস্থ্য সহকারী জহুরুল ইসলাম জানান, গতকাল রোববার সকালে গ্রামে পর্যবেক্ষণের সময় ওই দুজনের শরীরে ক্ষতচিহ্ন দেখা যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের শরীরে অ্যানথ্রাক্স ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।লাশ উদ্ধারমুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-নবাবগঞ্জ-দোহার মহাসড়কের মরিচা এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গতকাল রোববার দুপুরে স্থানীয় লোকজন মরিচা এলাকার ঝোপের মধ্যে একটি দ্বিখণ্ডিত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা হয়েছে। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।মানববন্ধননোয়াখালীতে বেসরকারি হাসপাতালে হামলা-ভাঙচুর এবং প্রশাসনিক অসহযোগিতার প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের মালিক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সেবিকারা অংশ নেন। নোয়াখালী অফিস। বরাদ্দের দাবিতেচাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের পরিত্যক্ত জমি সাংস্কৃতিক কমপ্লেক্সের জন্য বরাদ্দ দেওয়ার দাবিতে গতকাল রোববার সাংস্কৃতিক কর্মীরা মানববন্ধন করেছেন। সকালে শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত পুরোনো ডায়াবেটিক হাসপাতালের সামনে এ কর্মসূচি পালিত হয়। চাঁদপুর প্রতিনিধি।