সংক্ষেপে সারা দেশ
ট্রেনে কাটা পড়ে...দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দেলোয়ার হোসেন (১৭) নামের এক তরুণ ট্রেনে কাটা পড়ে মারা গেছে। ফুলবাড়ী রেলস্টেশনের উত্তরে বারকোনা গ্রামের পাশের রেললাইনে গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার চক সাহাবাজপুর গ্রামে। পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক বলেন, ধারণা করা হচ্ছে, মুঠোফোনে কথা বলার সময় অসতর্ক অবস্থায় দেলোয়ার ট্রেনে কাটা পড়ে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিবিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ফরিদপুরের মধুখালী উপজেলায় বাদশা শেখ (৫০) নামের এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। উপজেলার বাগাট ইউনিয়নের চর বাগাট গ্রামে গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ. রহিম ফকির বলেন, ধানের ব্লকে পানি দেওয়ার জন্য বিদ্যুৎচালিত মোটর ব্যবহার করতে গিয়ে বাদশা মিয়া অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফরিদপুর অফিস পিস্তলসহ গ্রেপ্তার বগুড়ায় আল আমিন নামের এক যুবককে একটি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছে। শহরের সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সড়কের পাশে আকাশতারা গ্রামে গত রোববার রাতে অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা আল আমিনকে গ্রেপ্তার করেন। জেলা পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক গতকাল সোমবার জানান, আল আমিনের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া তিনজন গ্রেপ্তারজয়পুরহাটের কালাই উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে আশরাফুল ইসলাম, তৌকিত সরকার ও শহিদুল ইসলাম নামের তিন ব্যক্তিকে একটি মাইক্রোবাসসহ গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার পাঠানপাড়া বৈরাগীহাট সড়কের আন্ধারী মোড় এলাকা থেকে পুলিশ গত রোববার রাতে তাঁদের আটক করে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। কালাই থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, ওই তিনজনের কাছ থেকে চাপাতি, তরবারি ও রামদা উদ্ধার করা হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি