সংক্ষেপে সারা দেশ
ন্যায্যমূল্য দাবিগোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতালের নামে অধিগ্রহণ করা জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সংশ্লিষ্ট জমির মালিকদের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। এর আগে তাঁদের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পৌরসভার মেয়র রেজাউল হক সিকদার। হাসপাতালের জন্য নির্ধারিত জমির ন্যায্যমূল্য নির্ধারণ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে মেয়র হুঁশিয়ারি উচ্চারণ করেন। গোপালগঞ্জ প্রতিনিধি।শিক্ষক নিহত নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় মতিয়ার রহমান মোতালেব (৬০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। উপজেলার আগ্রান বাজারসংলগ্ন বনপাড়া-হাটিকুমরুল সড়কে একটি বাস গতকাল বুধবার সকালে মোতালেবকে ধাক্কা দেয়। এ সময় বিপরীতমুখী একটি ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার সরাতৈল গ্রামে। বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। নাটোর প্রতিনিধি।কারাদণ্ড নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুলাল হোসেন নামের এক যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনারকলি মাহ্বুব গতকাল বুধবার এই রায় দেন। সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) এম এ মান্নান বলেন, আসামি দুলালকে গতকাল হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদাতে হাজির করা হয়। তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।