সংক্ষেপে সারা দেশ
বিদ্যুৎস্পৃষ্ট হয়েমাগুরার শালিখা উপজেলার গোপাল গ্রামে ধানের বীজতলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা শহিদুর রহমান (৪০) মারা গেছেন। তিনি স্থানীয় ছয়ঘরিয়া কওমি মাদ্রাসার শিক্ষক। স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার দুপুরে শহিদুর রহমান বাড়ির কাছের বীজতলায় যন্ত্র দিয়ে সেচ দিতে যান। অনেক সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরছিলেন না। বিকেলে পরিবারের লোকজন বীজতলায় গিয়ে তাঁর নিথর দেহ সেচযন্ত্রের পাশে পড়ে থাকতে দেখে। শালিখা থানার ওসি মো. শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাগুরা প্রতিনিধিপ্রশিক্ষণ সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে ৯০ জন শিক্ষিত ও বেকার তরুণ-তরুণীকে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গতকাল রোববার সকালে জেলা পরিষদের সম্মেলনকক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ, সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশাসনিক কর্মকর্তা জানান, তিন মাসের প্রশিক্ষণ শেষে মেধাবী তরুণ-তরুণীদের বিনা মূল্যে কম্পিউটার দেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাগ্রেপ্তার ১ সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকায় ২২৮ কেজি সুপারিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরা ৩৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর সমিউন্নবী চৌধুরী জানান, গতকাল রোববার ভোরে চান্দুড়িয়া ক্যাম্পের বিজিবির সদস্যরা উপজেলার সোনাবাড়িয়া এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া সুপারিবোঝাই দুটি সাইকেল জব্দ করেন। এ সময় সাইকেলচালক তৌহিদুর রহমানকে (৩০) আটক করা হয়। তবে অপর সাইকেলচালক পালিয়ে যান। কলারোয়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাদশক পূর্তি আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লা নাগরিক ফোরামের এক দশক পূর্তি উদ্যাপন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুন্ডু গোপীদাস। সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে ফোরামের সভাপতি কামরুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এ সময় জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা