সংক্ষেপে সারা দেশ
স্কুলছাত্রের লাশকুষ্টিয়া খোকসা উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি মাঠ থেকে গতকাল শুক্রবার লিংকন হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। লিংকন বেতবাড়িয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে ও স্থানীয় ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, লাশের মাথা থেঁতলানো। ধারণা করা হচ্ছে, তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। কুষ্টিয়া অফিস।বিনা মূল্যে চিকিৎসালায়ন্স ক্লাব অব ঢাকা প্রতীতির উদ্যোগে গতকাল শুক্রবার টাঙ্গাইলের বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। স্থানীয় সাংসদ কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, মোহনা টেলিভিশনের বার্তাপ্রধান মাহমুদ আল ফয়সাল প্রমুখ। এতে আবদুল মালেক মিয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দরিদ্র ও দুস্থ নারী, পুরুষ, শিশুকে চিকিৎসাসেবা দেন। টাঙ্গাইল অফিস।