সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ মুঠোফোন জব্দশ্রেণীকক্ষে মুঠোফোন আনা নিষেধ—এমন নির্দেশনার পরও কিছু শিক্ষার্থী লুকিয়ে মুঠোফোন নিয়ে শ্রেণীকক্ষে আসে। খবর পেয়ে অধ্যক্ষসহ অন্য শিক্ষকেরা শ্রেণীকক্ষে তল্লাশি চালিয়ে ২১ জনের কাছ থেকে মুঠোফোন উদ্ধার করেন। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে গতকাল বুধবার এ ঘটনা ঘটে। কলেজ অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম জানান, নির্দেশনা অমান্য করায় মুঠোফোনগুলো জব্দ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা সমঝোতায় বিতরণসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের কালোবাজারে বিক্রির সময় আটক করা ৪৬ বস্তা ভিজিএফের চাল অবশেষে গতকাল বুধবার সমঝোতার মাধ্যমে বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ও সদস্যরা তাঁর কার্যালয়ে এসে কালোবাজারে ভিজিএফের চাল বিক্রির কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে সমঝোতার ভিত্তিতে আটক করা চাল বিতরণের ব্যবস্থা করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ডাকঘরে ডাকাতি সাতক্ষীরার আশাশুনি উপজেলা ডাকঘরে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা ভবনের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে একটি ল্যাপটপ, একটি মুঠোফোনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। এঁরা হলেন: আজিজুল সরদার (২৭), আসলাম সরদার (৩৫), হবিবুর রহমান (৩৫) ও মফিজুল ইসলাম (১৮)। পোস্ট মাস্টার আবদুল গফুর জানান, নৈশপ্রহরী আবদুস সোহবান মোল্যাকে ভবনের ভেতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আশাশুনি থানার ওসি এমাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাপরীক্ষার্থী নিহতবগুড়ার শিবগঞ্জ উপজেলার বড় বেলঘরিয়া গ্রামে গত মঙ্গলবার বিকেলে সুমন আহমেদ (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। সে একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিল সুমন। এ সময় আউতাহার নামক স্থানে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। সুমন বড় বেলঘরিয়া মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষার্থী ছিল। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি তিন বাড়িতে ডাকাতিমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর গ্রামে গত মঙ্গলবার রাতে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় তিনজন আহত হন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ইছবপুর গ্রামে এম এ আউয়ালের বাড়িতে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। একই সময় আউয়ালের দুই ভাড়াটিয়া শিরিন আক্তার ও মোশাররফ হোসেনের বাড়িতেও ডাকাতি হয়।আউয়ালের স্ত্রী কামরুন্নাহার জানান, ডাকাতদের দায়ের কোপে মোশাররফ আহত হন।প্রত্যক্ষদর্শী আবদুর রহমান জানান, পুলিশের গাড়ির শব্দে ডাকাতেরা চা-বাগানের দিকে পালিয়ে যায়। এ সময় গ্রামবাসী ধাওয়া দিলে ডাকাতেরা ছয়টি গুলি ছোড়ে। এতে প্রতাপ দেব ও সঞ্জিত দেব নামের দুজন আহত হন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিছিনতাইসিলেট কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির সামনে এক শিক্ষকের কাছ থেকে চার লাখ ১৬ হাজার টাকা ছিনতাই হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ফাঁড়ির এসআই আবদুর রকিব জানান, ‘শাহজালাল জামেয়া ইসলামিয়া’ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের শিক্ষক মোস্তফা কামাল ইসলামী ব্যাংকের তালতলা শাখা থেকে ওই টাকা তোলেন। রিকশাযোগে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার পথে ছিনতাইকারী তাঁকে ঘিরে ধরে ওই টাকা ছিনিয়ে নেয়। নিজস্ব প্রতিবেদক, সিলেটকারাদণ্ড চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মজিবুর রহমান (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাঁর কর্মচারী রাজেশ দাসকে (২৫) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদুজ্জামান খান এ রায় দেন। মজিবুর রহমান উপজেলার মাছুয়াখাল গ্রাম এবং রাজেশ কুমিল্লা শহরের ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা। চাঁদপুর প্রতিনিধি