সংক্ষেপে সারা দেশ
নিহত ১যশোর-খুলনা মহাসড়কের মহাকালে গতকাল শনিবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় ইমন হোসেন (২৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী সাজ্জাদ হোসেন (২২)। তাঁদের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার মহাকাল গ্রামে। সাজ্জাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে ইমন ও সাজ্জাদকে বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাল এলাকার মজুমদার অ্যাগ্রো ফুড লিমিটেডের দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ইমন ঘটনাস্থলেই নিহত হন। অভয়নগর (যশোর) প্রতিনিধি।গ্রেপ্তার ৭কিশোরগঞ্জের নিকলী থানার পুলিশ গতকাল শনিবার ভোরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে সাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: বিলাল মিয়া (৫৫), ফরিদ উদ্দিন (৫৮), মো. জাহেদ (৫০), মো. আলম (৪০), মো. তসলিম (৩০), মাজাহারুল ইসলাম (২৮) ও মো. লোকমান (২২)। পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে সদর ইউনিয়নের টিক্কলহাটি গ্রামের মাদক ব্যবসায়ী বিলাল মিয়াকে পাঁচ লিটার মদসহ তাঁর নিজ ঘর থেকে গ্রেপ্তার করা হয়। একই সময় কুর্শা মাইজহাটি গ্রাম থেকে ছয়জন গাঁজা বিক্রেতাকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে জানান। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।উৎপাদন বন্ধব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। অ্যামোনিয়া প্রসেস এয়ার কম্প্রেসারে ছিদ্র (লিকেজ) দেখা দেওয়ায় গতকাল শনিবার উৎপাদন-প্রক্রিয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়। প্রকৌশল বিভাগের ধারণা, ফের উৎপাদনে যেতে এক সপ্তাহ সময় লাগতে পারে। সার কারখানা থেকে জানা যায়, এই কারখানায় প্রতিদিন গড়ে দেড় হাজার মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হয়। গতকাল সকাল ১০টার দিকে এয়ার কম্প্রেসারে ছিদ্র দেখা দেয়। এরপর পুরো প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন জানান, এক সপ্তাহ উৎপাদন বন্ধ থাকলেও সারের সংকট হবে না। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।