সংক্ষেপে সারা দেশ
ডাকাত গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার পুলিশ আন্তজেলা ডাকাত দলের সর্দার মো. সুলতান মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চিতনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সুলতান মিয়া উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সড়ক ও বসতবাড়িতে ডাকাতির অভিযোগে নাসিরনগর থানায় পাঁচটি এবং হবিগঞ্জের মাধবপুর থানায় একটি মামলা রয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জানান, সুলতান মিয়াকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হবে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।সংবর্ধনাসুনামগঞ্জের শাল্লা উপজেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০১২ সালের এসএসসি, জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে বাহারা ইউনিয়নের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী ও স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার জাফর হোসেন, পৌরসভার মেয়র আজিজুর রহমান, সহকারী পুলিশ সুপার গনিউজ্জামান লস্কর প্রমুখ। দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি।