সংক্ষেপে সারা দেশ
কিডনি ক্যাম্পআগামী ১৪ মার্চ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে রাজধানীর আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লিমিটেড বিনা মূল্যে একাধিক কিডনি ক্যাম্প ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে রোড শোর আয়োজন করেছে। এদিন মহাখালীর হাসপাতাল প্রাঙ্গণে ও প্রথম আলো কার্যালয়ে ফ্রি কিডনি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে কিডনি রোগ বিশেষজ্ঞ ও ইউরোলজিস্টরা বিনা মূল্যে পরামর্শ দেবেন। এ ছাড়া ১৫ মার্চ আয়েশা মেমোরিয়াল হাসপাতালের ব্রাহ্মণবাড়িয়ার তথ্যসেবাকেন্দ্রে (হরলাল রায় রোড, পাইকপাড়া) দিনব্যাপী ফ্রি কিডনি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে আগত রোগীদের পরীক্ষা-নিরীক্ষায় ৫০ ভাগ ছাড় দেওয়া হবে। রোগীদের নিবন্ধন করতে ০২-৮১৪২৩৭০, ৮১৪২৩৭১, ০১৮৪১৪৮০০০০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।আসামি রিমান্ডেনাটোরের সিংড়া উপজেলার সোয়াইড় গ্রামের হরিমন্দিরে প্রতিমা ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হওয়া আসামি হেলাল উদ্দিনকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গতকাল রোববার হেলাল উদ্দিনকে সিংড়া জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চান। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিজানুর রহমান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৪ মার্চ রাতে হরিমন্দিরের দরজার তালা ভেঙে সাতটি প্রতিমা ভাঙচুর ও মন্দিরের পাশে সমরকুমার সরকারের একটি খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই গ্রামের সমরকুমার বাদী হয়ে সিংড়া থানায় মামলা করেন। নাটোর প্রতিনিধি।