সংক্ষেপে সারা দেশ
চেক প্রদানরাজধানীর উত্তরায় নির্মাণাধীন ৫০০ শয্যার আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল নির্মাণ তহবিলে জনতা ব্যাংক লিমিটেড ৩০ লাখ টাকার চেক প্রদান করেছে। গতকাল বুধবার জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান ড. আবুল বারাকাত ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের হাতে ওই চেক তুলে দেন। এ সময় জনতা ব্যাংকের সিইও অ্যান্ড এমডি এস এম আমিনুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মোসাদ্দেক-উল-আলম এবং ব্যাংকের পরিচালকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।জেলে নিখোঁজসাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালিন্দি নদীতে মাছ ধরতে গিয়ে মোক্তার গাজী নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার সকালে উপজেলার হোসেনপুর গ্রামের মোক্তার গাজী (৪৫) নৌকা নিয়ে কালিন্দি নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে নদীর স্রোতের কারণে নৌকা উল্টে যায়। এ সময় তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। কালীগঞ্জ থানার উপপরিদর্শক সেকান্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।চিনিসহ নৌকা জব্দ চাঁদপুরের মেঘনা নদীর লগ্মিমারাচর থেকে ৮০০ কেজি চিনিসহ একটি ইঞ্জিনবাহী নৌকা জব্দ করেছে কোস্টগার্ড। স্থানীয় কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. বদরুদ্দোজা জানান, গতকাল বুধবার বিকেলে একটি কার্গো থেকে মেঘনা নদীর লগ্মিমারাচর এলাকায় নৌকায় করে চিনিগুলো পাচারের চেষ্টা করা হয়। এদিকে কোস্টগার্ড সদস্যরা চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে প্রায় দেড় লাখ মিটার কারেন্ট জালসহ বেশ কিছু সুতা জব্দ করেছেন। এগুলো জেলা মৎস্য বিভাগে হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর প্রতিনিধি।