সংক্ষেপে সারা দেশ
মানববন্ধন ও সমাবেশযুবলীগের নেতা খায়রুল ইসলামের হত্যাকারীদের বিচারের দাবিতে পাবনা-নাটোর মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান গ্রামে জামায়াত-শিবিরের হামলায় তিনি নিহত হন। মানববন্ধনের পর সমাবেশে বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম রমজান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, খায়রুলের ছেলে জুবাইর হোসেন লিখন প্রমুখ। গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর জেলার জামায়াত-শিবিরের কর্মীরা খায়রুল ইসলামের ওপর হামলা চালিয়েছিলেন। লালপুর (নাটোর) প্রতিনিধি।রিজভীর মুক্তি দাবিবিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে গতকাল শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সহসভাপতি লুৎফর রহমান, অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ২০ মার্চের মধ্যে রিজভীকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম। পিকনিক বাস খাদেচুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের পাটকেলপোতা এলাকায় গতকাল পিকনিকের একটি বাস খাদে পড়ে শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরার একটি কোচিং সেন্টারের শিক্ষার্থীরা পিকনিক করতে বাসে মুজিবনগরে যাচ্ছিল। মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কুষ্টিয়া অফিস।স্বেচ্ছায় রক্তদানসিলেটের ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ীরা স্বেচ্ছায় রক্তদান করেছেন। বাজারের ব্যবসায়ী নিরঞ্জন দেবনাথ, মধু দেবনাথ, মিন্টু দেবনাথ ও প্রদীপ দেবনাথের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল থেকে মধ্যবাজারের ইউসুফ আলী সুপার মার্কেট প্রাঙ্গণে বাজারের ব্যবসায়ীরা মুজিব-জাহান রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারে রক্ত দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমদ ও দপ্তর সম্পাদক কামাল আহমেদ। ফেঞ্চুগঞ্জ বাজারের ৬৭ জন ব্যবসায়ী স্বেচ্ছায় রক্ত দেন। ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি।গ্রেপ্তারনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বৃহস্পতিবার রাতে একে-৪৭ রাইফেলের ৫০টি গুলিসহ জুলহাস (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার দাউদপুর এলাকায় অভিযান চালিয়ে জুলহাসকে আটক করা হয়। তাঁর পকেটে একে-৪৭ রাইফেলের একটি গুলি ছিল। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার ভোরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একে-৪৭ রাইফেলের আরও ৪৯টি গুলি উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি।সমাবেশঢাকার নবাবগঞ্জ উপজেলার বলমন্তচর গ্রামকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী। বাহ্রা ইউনিয়নের স্থানীয় বলমন্তচর স্পোর্টিং ক্লাব মাঠে গতকাল শুক্রবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বলমন্তচর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত সমাবেশে এলাকার মাদক ব্যবসায়ীদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।