সংক্ষেপে সারা দেশ
তিনজন গ্রেপ্তারবগুড়ার শেরপুরে জামায়াত-শিবিরের তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জামায়াতের কর্মী উপজেলার মহিপুর গ্রামের হাতেম আলী শেখ ও শিবপুরের আবদুল সালামকে শুক্রবার রাতে বাড়ি থেকে এবং ছাত্রশিবিরের কর্মী রামনগর গ্রামের শাহাদত হোসেনকে গতকাল শনিবার সকালে কলেজ রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পৃথক দুটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, তিনজনই দুই মাস স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।খননযন্ত্র জব্দফরিদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক অভিযানে চারটি খননযন্ত্র জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারসংলগ্ন কুমার নদ থেকে যন্ত্রগুলো জব্দ করা হয়। ইউএনও ও নির্বাহী হাকিম মো. রেজাউল বারী অভিযানে নেতৃত্ব দেন। জানা গেছে, স্থানীয় লিটন মাতব্বর, আয়েব মোল্লা, খোকন মোল্লা ও কুদ্দুছ মোল্লা নামের চারজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এতে নদীর দুই পাড়ের পাকা সড়ক হুমকিতে পড়ে। ফরিদপুর অফিস।সম্প্রীতি সমাবেশ শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল শনিবার এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। সমাবেশে বক্তব্য দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বাহাদুর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হুমায়ুন কবির ও জেলা গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শফিউল হক। পিরোজপুর প্রতিনিধি।