সংখ্যা নির্দিষ্ট, বিপাকে শিক্ষার্থীরা, সোহরাওয়ার্দীতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সরকারি-বেসরকারি ৬১টি মেডিকেল কলেজে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির ফরম বিক্রি গতকাল সোমবার শুরু হয়েছে। এবার কলেজগুলো কত ফরম বিক্রি করতে পারবে তা আগে থেকে নির্ধারণ করে দেওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সব ফরম গতকাল বেলা ১১টার মধ্যেই শেষ হয়ে যায়। সেখানে ফরম না পেয়ে বিক্ষোভ করেন অনেক শিক্ষার্থী।ঢাকা মেডিকেল ও সলিমুল্লাহ মেডিকেলের ফরমও বিক্রি শেষ পর্যায়ে। অন্যদিকে ঢাকার বাইরে ফরম বিক্রি একেবারেই কম। শিক্ষার্থীদের অনেকে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের একই ফরমে আবেদন করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। কেউ কেউ কোচিং সেন্টারগুলোর কাছে বেশি দামে ফরম বিক্রিরও অভিযোগ এনেছেন। তবে এ অভিযোগকে ভিত্তিহীন বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।জানা যায়, যশোর মেডিকেল কলেজসহ দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে দুই হাজার ১৬০টি। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তান ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য রয়েছে অতিরিক্ত আরও ৬০টি আসন সংরক্ষিত। বেসরকারি মেডিকেল কলেজে রয়েছে তিন হাজার ৩৫০টি আসন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আগামী ২২ অক্টোবর একযোগে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৭ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম জমা দিতে পারবেন।ফরম নির্দিষ্ট তাই বিক্রি শেষ: গতকাল বেলা ১১টার মধ্যেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নির্ধারিত পাঁচ হাজার ফরম বিক্রি হয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজেও বিক্রি হয়েছে চার হাজার ৭০০ ফরম। আজ মঙ্গলবারের মধ্যে সলিমুল্লাহ মেডিকেল কলেজেরও নির্ধারিত ফরম বিক্রি শেষ হয়ে যাবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে দ্রুত ফরম বিক্রি শেষ হওয়ায় কর্তৃপক্ষের বিরুদ্ধে বেশি দামে কোচিং সেন্টারের কাছে ফরম বিক্রি করার অভিযোগ করেছেন কেউ কেউ। তবে অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ এ বি এম মাকসুদুল আলম প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সকাল সাড়ে সাতটা থেকে ১৬টি বুথে ফরম বিক্রি করা হয়েছে। এ কারণেই দ্রুত ফরম বিক্রি হয়ে গেছে।স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, দেশের অন্য মেডিকেল কলেজগুলোতে গত বছরের ফরম বিক্রি অনুযায়ী ফরম দেওয়া হয়েছে। অর্থাৎ গতবার যে পরিমাণ ফরম বিক্রি করেছিল এবার সেই কলেজকে তার চেয়েও বেশি ফরম দেওয়া হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষা নিয়ে কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সে জন্য কলেজে ফরম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) খন্দকার মো. সিফায়েত উল্লাহ প্রথম আলোকে জানান, কলেজগুলোতে বিক্রির জন্য ফরম নির্ধারণ করে না দিলে হয়তো ঢাকা মেডিকেল কলেজ থেকে ফরম বিক্রি হতো ২০ হাজার, আর রংপুর মেডিকেল কলেজ থেকে বিক্রি হতো ২০০। কিন্তু ঢাকা মেডিকেল কলেজের ২০ হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার মতো সামর্থ্য নেই। কলেজগুলোতে ভারসাম্য রক্ষার জন্য এ কাজ করা হয়।একই ফরমে সরকারি ও বেসরকারি কলেজে আবেদন: একই ফরমের অধীনে এবার সব মেডিকেল কলেজে আবেদনের নিয়ম করে দিয়েছে সরকার। ফরম সংগ্রহ করতে হচ্ছে সরকারি মেডিকেল কলেজ থেকে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ফরম কিনতে আসা একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, রাজধানীতে বেশ কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এসব কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যদি বেশির ভাগ ফরম কিনে ফেলেন, তাহলে সরকারি কলেজে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা কীভাবে ফরম সংগ্রহ করবেন। তাঁদের মতে, বেসরকারি কলেজের জন্য আলাদা ফরম রাখার ব্যবস্থা করলে ভালো হতো।এ বিষয়ে দ্বিমত পোষণ করেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ এম এ আজহার। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা ফরমের কোনো প্রয়োজন নেই। শিক্ষার্থীরা মানসিক চাপ থেকে এ ধরনের অভিযোগ করছে।একই মত বেসরকারি বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যক্ষ এম এ জামানের। তিনি বলেন, সরকারি ও বেসরকারি কলেজের জন্য একই ভর্তি ফরম হওয়ায় শিক্ষার্থীদের সমস্যা হবে না।ঢাকার বাইরে বিক্রি নেই: স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গতকাল ঢাকার বাইরের চট্টগ্রাম মেডিকেল কলেজে এক হাজার, রাজশাহী মেডিকেল কলেজে এক হাজার ১০০, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ২৯৫, পাবনা মেডিকেল কলেজে ২০০, বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজে ২৩০, রংপুর মেডিকেল কলেজে ৭০০, ময়মনসিংহ মেডিকেল কলেজে এক হাজার ১০০ ও কুমিল্লা মেডিকেল কলেজে ৬৮৭টি ফরম বিক্রি হয়েছে। অন্য মেডিকেল কলেজগুলোতে ৫০ থেকে ২৫০টি ফরম বিক্রি হয়েছে বলে অধিদপ্তর সূত্র জানায়।খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, সবকিছু ঢাকামুখী হওয়ায় এই সমস্যাটা হয়। আর কোচিং সেন্টারগুলোরও এ কাজে বেশ প্রভাব আছে। তারা শিক্ষার্থীদের প্রলুব্ধ করে।