ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট, একাডেমিক পর্ষদ ও ফাইন্যান্স কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ১৩টি পদের ১১টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ ও বাম সমর্থক শিক্ষকদের নীল দল।
সিন্ডিকেটের ছয়টি পদে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল দুটি পদ পেয়েছে। একাডেমিক পর্ষদ ও ফাইন্যান্স কমিটির সাতটি পদের সবগুলোতে নীল দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গ্রহণ হয়। পরে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন। কামাল উদ্দীন প্রথম আলোকে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এক হাজার ৪১৯ জন ভোটারের মধ্যে এক হাজার ২৮৯ জন ভোট দিয়েছেন।
সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত নীল দলের প্রার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ (৮০১ ভোট), আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল (৮১৮), গণিত বিভাগের সহযোগী অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার (৬৫১) ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলিমা আকতার (৭৩৪)। সাদা দলের স্যার পি জে হার্টন ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান (৬৬১) ও মার্কেটিং বিভাগের প্রভাষক আফরীন চৌধুরী (৭৩৪) বিজয়ী হয়েছেন।
একাডেমিক পর্ষদে সহযোগী অধ্যাপকদের মধ্যে ফলিত পদার্থবিজ্ঞানের জেড এম পারভেজ সাজ্জাদ (৬৭৭), প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের আবদুল্লাহেল আমীন (৬৪০) এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাহবুব আহসান খান (৬২০) বিজয়ী হয়েছেন। সহকারী অধ্যাপকদের মধ্যে ওষুধ প্রযুক্তি বিভাগের আবুল কালাম লুৎফুল কবির (৬৮৪), ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সুবোধ দেবনাথ (৬০৮) এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের মো. তৌহিদুল হক (৫৯৮) জয় পেয়েছেন।
ফাইন্যান্স কমিটির একমাত্র পদে ৭৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নীল দলের প্রার্থী মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাসুদুর রহমান।