জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বাকশালীয় কায়দায় দেশ চালাচ্ছে। ১৯৭৫ সালেও দলটি সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে বাকশাল গঠন করে স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে হত্যা করেছিল।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল সোমবার বিএনপি আয়োজিত ‘বাকশাল গঠন ও গণতন্ত্র হত্যা দিবস’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির নেতারা এসব অভিযোগ করেন। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংসদে চতুর্থ সংশোধনীর মাধ্যমে তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বাকশাল গঠন করে। বিএনপি গতকাল এই দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করেছে।সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বংশ পরম্পরায় ক্ষমতা ধরে রাখার জন্য বাকশাল কায়েম করা হয়েছিল। এখনো ক্ষমতাসীন ব্যক্তিরা সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রশাসনে একদলীয় নিয়ন্ত্রণ কায়েম করেছে। দলীয় সমর্থক ছাড়া কেউ মসজিদ, মন্দির ও বাজার কমিটিতেও স্থান পাচ্ছে না।স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ বলছে, ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাবে। মূল সংবিধানে ফিরে যেতে হলে বিশেষ ক্ষমতা আইন ও জরুরি আইন বাতিল করতে হবে, যা আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী দলের পক্ষে করা সম্ভব নয়। তিনি ভারতের সঙ্গে করা যুক্ত ইশতেহার বাস্তবায়ন রুখতে দলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। মওদুদ আহমদ বলেন, ১/১১-এর সঙ্গে জড়িত মইন উ আহমেদসহ আটজনের তালিকা করা হয়েছে। এ সরকার তাঁদের বিচার না করলেও বিএনপি করবে।স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বলেন, চতুর্থ সংশোধনীর মাধ্যমে তত্কালীন সরকার নির্বাহী বিভাগকে আইনসভার ওপরে স্থান দিয়েছিল। দুর্নীতি, সন্ত্রাস ও রাহাজানির বদনাম থেকে বাঁচার জন্য শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিলেন।স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাকশাল কায়েম করে আওয়ামী লীগ তখন মানুষের সঙ্গে প্রতারণা করেছিল। বাকশাল মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ছিল। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, আশা করি, দেরিতে হলেও মইন উ আহমেদসহ অন্যদের বিচার করবেন প্রধানমন্ত্রী; নতুবা খালেদা জিয়ার নেতৃত্বে মইন উ আহমেদের বিচার হবে।বিএনপির সহসভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ বক্তব্য দেন।