সংখ্যালঘু উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি
সংখ্যালঘু উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় গঠন ও সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠার দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের জন্য পৃথক নির্বাচনব্যবস্থারও দাবি জানায় সংগঠনটি।
আজ শুক্রবার রাজধানীর সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘জাতীয় যুব সম্মেলন ২০১৬’ থেকে এ দাবি জানানো হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এই যুব সম্মেলনের আয়োজন করে।
আজ সকাল ১০টায় যুব সম্মেলন শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে হিন্দু যুব প্রতিনিধিরা সম্মেলনে আসেন। বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রেসক্লাব, পল্টন হয়ে তা আবার সুপ্রিম কোর্টে ফিরে আসে।
যুব সম্মেলনে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল যুবকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবীতে সব সময় খারাপ লোক ছিল। শ্রীকৃষ্ণকেও অসুরের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে। আর হিন্দু যুব মহাজোটের ভূমিকা হতে হবে অগ্রগণ্য।
স্বাগত ভাষণে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি সুমন কুমার রায় সাত দফা দাবি তুলে ধরেন।
যুব সম্মেলনে সারা দিন প্রতিনিধিদের মতামত ও আলোচনার পাশাপাশি সংগীতানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিকেল সাড়ে পাঁচটায় যুব সম্মেলন শেষ হয়।