সংখ্যালঘু কমিশন গঠনের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িক নির্যাতন বন্ধে সরকারের পদক্ষেপ দাবি করে সংখ্যালঘু কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মতো সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনের আহ্বান জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন সংগঠনটির নেতারা।

বৈঠকে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ছাড়াও বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও মুনতাসীর মামুনসহ অন্য নেতারা অংশ নেন। এ সময় আইনমন্ত্রীর মাধ্যমে তাঁরা সরকারের কাছে ১২ দফা দাবি তুলে ধরেন।

লিখিত ওই দাবিনামায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বিভিন্ন ধরনের বৈষম্য ও নিপীড়নের অবসান ঘটাতে এবং ধর্ম-বর্ণসহ সব মানুষের অধিকার নিশ্চিত করতে সংখ্যালঘু কমিশন গঠন করতে আইন প্রণয়নের আহ্বান জানানো হয়।

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, ‘আমরা সংখ্যালঘু কমিশন গঠন ও সাক্ষী সুরক্ষা আইন প্রণয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেছি। মন্ত্রী আমাদের প্রস্তাবকে নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন।’

এ সময় এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিষয়টি নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইনের খসড়া তৈরি হচ্ছে। মানবতাবিরোধীদের সংগঠনের বিচারের বিধান রেখে ট্রাইব্যুনাল আইন সংশোধন বিষয়টি ফেব্রুয়ারি মাসে মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

মুক্তিযুদ্ধ এবং শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে বিএনপির বক্তব্যের বিষয়ে আনিসুল হক বলেন, ‘আমরা কাউকে এ বিষয়টি নিয়ে ফুটবল খেলতে দেব না। এটা নিয়ে আইন প্রণয়নের কাজ চলছে।’

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারাও ক্ষমতায় ছিল। তারা কেন শহীদের তালিকা করেনি।

এ বিষয়ে আইন প্রণয়ন হলে শাস্তি কী হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি পর্যালোচনা করে ঠিক করা হবে। পৃথিবীর অনেক দেশে আইন আছে, সেখানে কি রকম শাস্তির বিধান রাখা হয়েছিল, এখানে কতটুকু যুক্তি আছে, এসব আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের বিচারে সাক্ষী সুরক্ষা আইনও জুন-জুলাইয়ের মধ্যে উত্থাপনের চেষ্টা করা হবে।

জামায়াতকে নিষিদ্ধ করা হবে কবে- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমরা শুধুমাত্র জামায়াতকে নিষিদ্ধ করার জন্য আইন করব না। আদালতের পর্যবেক্ষণের আলোকে আমরা কেবল মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত দলগুলোর বিচারের ব্যবস্থা করব। বাকিটা আদালত বিবেচনা করবে।’

এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক গত রোববার প্রথম আলোকে বলেছিলেন, ‘মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য ঠেকাতে আইন করার বিষয়টি নিয়ে সক্রিয় চিন্তাভাবনা চলছে। মুক্তিযুদ্ধ নিয়ে সাম্প্রতিক কটাক্ষের ঘটনায় বিভিন্ন মহল থেকে আইন তৈরির যে দাবি উঠেছে, তা বিবেচনা করে দেখা হচ্ছে। আইন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে।’