সাম্প্রদায়িক নির্যাতন বন্ধে সরকারের পদক্ষেপ দাবি করে সংখ্যালঘু কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের মতো সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রণালয় গঠনের আহ্বান জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করে এ দাবি জানায় সংগঠনটি। সংগঠনের পক্ষে সাংবাদিক শাহরিয়ার কবির, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, মুনতাসীর মামুন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী আইনমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে ১২ দফা দাবি তুলে ধরেন।
লিখিত আবেদনে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বিভিন্ন ধরনের বৈষম্য ও নিপীড়নের অবসান ঘটাতে এবং ধর্ম-বর্ণসহ সব মানুষের অধিকার নিশ্চিত করতে সংখ্যালঘু কমিশন গঠন করতে আইন প্রণয়ন করার আহ্বান জানানো হয়। আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শাহরিয়ার কবির বলেন, ‘আমরা সংখ্যালঘু কমিশন গঠন, সাক্ষী সুরক্ষা আইন প্রণয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেছি। মন্ত্রী আমাদের প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন।’ এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিষয়টি নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। আনিসুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইনের খসড়া তৈরি হচ্ছে। মানবতাবিরোধীদের সংগঠনের বিচারের বিধান রেখে ট্রাইব্যুনাল আইন সংশোধন বিষয়টি ফেব্রুয়ারি মাসে মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।
মুক্তিযুদ্ধ ও শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে বিএনপির দেওয়া বক্তব্যের বিষয়ে আনিসুল হক বলেন, এ নিয়ে আইন প্রণয়নের কাজ চলছে। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারাও ক্ষমতায় ছিল। তারা কেন শহীদের তালিকা করেনি। এ বিষয়ে আইন প্রণয়ন হলে শাস্তি কী হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
জামায়াতকে নিষিদ্ধ করা হবে কবে—সাংবাদিকের এ প্রশ্নে জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমরা শুধু জামায়াতকে নিষিদ্ধ করার জন্য আইন করব না। আদালতের পর্যবেক্ষণের আলোকে আমরা কেবল মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত দলগুলোর বিচারের ব্যবস্থা করব। বাকিটা আদালত বিবেচনা করবে।’