সংখ্যালঘু গ্রামে আগুন, মন্দিরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের চতুর্থ দফা অবরোধ কর্মসূচি শুরুর আগে-পরে দেশের দুই জায়গায় অজ্ঞাত দুর্বৃত্তরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ করেছে। আরেক জায়গায় এক পল্লিতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত এসব ঘটনা ঘটে।
নোয়াখালীর হাতিয়ার সুখচর ইউনিয়নের চর আমানউল্লাহ গ্রামে রাধাগোবিন্দ মন্দিরে সোমবার সন্ধ্যায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এনায়েত হোসেন ওরফে এনায়েত উল্যাহকে (৩৫) গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, এনায়েত জামায়াতের কর্মী। তবে উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস বলেন, এনায়েতকে তাঁরা চেনেন না। ওই এলাকায় জামায়াতের কোনো কর্মকাণ্ড নেই। একটি চক্র এসব প্রচার করছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বি বলেন, ‘অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই মন্দিরে আগুন দেয়। আগুনে মন্দিরের বেশির ভাগ পুড়ে গেছে। মঙ্গলবার হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার ভৌমিক এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করেন। এনায়েত মামলার ১ নম্বর আসামি।’
শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর সিদ্ধেশ্বরী মন্দিরের চালের ওপর মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ককটেল ফাটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মন্দিরের পরিচালনা কমিটির সদস্যরা জানান, ৫৬ প্রহর একনাম কীর্তন চলার সময় মন্দিরের টিনের চালে কে বা কারা একটি ককটেল ছোড়ে।
শৌলপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হরিদাস চন্দ বলেন, ‘দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণে উপস্থিত ভক্তরা ছোটাছুটি শুরু করেন। পরে পুলিশ ও কমিটির সদস্যদের পাহারায় কীর্তন চালানো হয়।’
চিকন্দী পুলিশ ফাঁড়ির এসআই শাজাহান মোল্যা বলেন, ‘মন্দিরের ভেতর দায়িত্ব পালনকালে বিকট শব্দ শুনি। পরে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে কোনো কিছুর আলামত পাইনি। পুলিশের টহল বাড়ানো হয়েছে।’
বগুড়ার দুপচাঁচিয়ায় একটি হিন্দু পল্লিতে গতকাল বুধবার ভোরে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ককটেল বিস্ফোরণের ঘটনা নাকচ করে বলেছে, এলাকায় আতঙ্ক ছড়াতেই কে বা কারা শক্তিশালী পটকা ফুটিয়েছে।
স্থানীয় লোকজন জানান, ভোর সাড়ে চারটার দিকে উপজেলা সদরের কর্মকারপাড়ায় সুকোমল কর্মকারের বাড়িসংলগ্ন দোকানের বারান্দায় ও কিছু দূরে আরেকটি বাড়ির পাশে পরপর দুটি বিকট শব্দ হয়। এতে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেঞ্চদ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। লোকবল সীমিত থাকার পরও প্রতি রাতে হিন্দু মহল্লায় টহল দেওয়া হচ্ছে। এ ছাড়া রাতে প্রতি এলাকায় স্থানীয় লোকজন দিয়েও পাহারা দেওয়া হচ্ছে।’
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর হাতিয়া ও নোয়াখালী অফিস, শরীয়তপুর ও দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।