একসময় দেশের মোট জনসংখ্যার ৩১ ভাগ ছিল ধর্মীয় সংখ্যালঘু। এখন আছে মাত্র ৯ ভাগ। এ নিঃসরণ প্রক্রিয়ায় সংখ্যালঘুর হার শূন্যতে নেমে এলে তা দেশের গণতন্ত্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তাই এখনই একটি নতুন অবস্থার সৃষ্টি করতে হবে।
গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কুখ্যাত শত্রু (অর্পিত) সম্পত্তি আইনের ৫০ বছর: জনগণের দুর্দশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। তাঁরা ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন’ বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, আইন ও সালিস কেন্দ্র, এএলআরডি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সম্মিলিত সামাজিক আন্দোলন, ব্লাস্ট, নিজেরা করি, এইচডিআরসি ও অর্পিত সম্পত্তি প্রতিরোধ আন্দোলন এ গোলটেবিলের আয়োজন করে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সভাপতি কামাল লোহানী।
প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমি খুব ভয়াবহ অবস্থা দেখছি। যে ৯ ভাগ সংখ্যালঘু আছে, তাদেরও ধরে রাখতে ব্যর্থ হচ্ছি। গণতন্ত্রও একরকম ব্যর্থ হচ্ছে। এটা অব্যাহত থাকলে এ দেশের গণতন্ত্র আফগানিস্তানের মতো হবে।’ তিনি বলেন, নিঃসরণ-প্রক্রিয়া শূন্যতে যাওয়ার আগেই সাধু সাবধান। এই ৯ ভাগ ধরে রাখতে না পারলে বাঙালির চেতনা ব্যাহত হবে। তাই নিঃসরণ-প্রক্রিয়া বন্ধ করতে হবে। আওয়ামী লীগের প্রবীণ এই নেতা দীর্ঘদিনেও অর্পিত সম্পত্তি আইন কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, অর্পিত সম্পত্তির সমস্যা কেবল সংখ্যালঘুর সমস্যা নয়, এটি রাজনৈতিক সমস্যা। এ সমস্যার সমাধান করতে হবে রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে।
অবসরপ্রাপ্ত যুগ্ম জেলা জজদের সমন্বয়ে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি জেলায় একটি করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার প্রস্তাব দেন বিচারপতি কাজী এবাদুল হক।
সঞ্জীব দ্রং জাতিগত ও ধর্মীয় বৈষম্য নিরসনে একটি সংখ্যালঘু কমিশন গঠনের সুপারিশ করেন।
অর্পিত সম্পত্তি নিয়ে এ দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অবর্ণনীয় হয়রানির ওপর একটি আলোচনাপত্র উপস্থাপন করেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা।
নিজেরা করির সমন্বয়ক খুশী কবিরের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও, সাংবাদিক অজয় দাশগুপ্ত, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান প্রমুখ।