সংখ্যালঘু নিপীড়নের প্রতিকার নেই!
দেশে সংখ্যালঘুদের ওপর হামলা-নিপীড়নের কোনো প্রতিকার হচ্ছে না। ২০০১ সালের সংসদ নির্বাচনের পর বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর অনেকগুলো হামলা হয়। বর্তমান সরকারের আমলেও এমন ঘটনা ঘটে চলেছে। কিন্তু দায়ী ব্যক্তিরা কেউ শাস্তি পাচ্ছেন না।
সরকারি সূত্রগুলো জানায়, ২০০১ সালের ঘটনায় তবু বেশ কিছু মামলা হয়েছিল। এই আমলে সংঘটিত ঘটনাবলিতে তা-ও হচ্ছে না। ২০০১ সালে অবশ্য তখনকার বিরোধী দল আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরাও হামলার শিকার হন। বর্তমান সরকার সেসব হামলা-নিপীড়নের বিচারের উদ্যোগ নিলেও কাউকে শাস্তি দিতে পারেনি। পুলিশ সদর দপ্তরের এ-সংক্রান্ত একটি পর্যালোচনা প্রতিবেদন থেকেই এ তথ্য পাওয়া গেছে।
বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক গোষ্ঠী শতাধিক হামলা চালিয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও এ ধরনের হামলা হচ্ছে। অধিকাংশ ঘটনায় মামলা হচ্ছে না।
পুলিশের সূত্রগুলো জানায়, বর্তমান সরকারের আমলে যত ঘটনা ঘটেছে, তার তুলনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের কিংবা সাধারণ ডায়েরি (জিডি) করার সংখ্যা নগণ্য। এমন ঘটনাও আছে যে পুলিশ কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা শুনে ঘটনাস্থলে গেলেও কেউ অভিযোগ করতে চান না।
ভুক্তভোগীরা বলেন, মামলা করে আরও রোষানলে পড়া ছাড়া কোনো ফল হবে না ভেবেই তাঁরা সে পথে যাচ্ছেন না। এ ধরনের হামলা, নির্যাতন তাঁরা নিয়তি হিসেবেই ধরে নিয়েছেন।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, ন্যায়বিচার না পাওয়া এবং অভিযোগ করলে পরে আরও বড় হামলা-নির্যাতনের ভয় থেকেই অনেকে পুলিশের কাছে অভিযোগ করেন না। সংখ্যালঘুদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক।
পরিষদের আরও কয়েকজন নেতা বলেন, আগামী নির্বাচনের পূর্বাপর পরিস্থিতি নিয়েও সংখ্যালঘুরা উদ্বিগ্ন। ২০০১ সালের পর ২০১১ সালে একবার এবং ২০১২ সালে আরও একবার প্রশাসনের নাকের ডগায় চট্টগ্রাম মহানগর ও হাটহাজারী, সাতক্ষীরা, দিনাজপুরের চিরিরবন্দর, রাঙামাটি, কক্সবাজারের রামু ও উখিয়ায় সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ বা মঠ-মন্দির নির্মাণে সরকার উদ্যোগী হলেও হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি।
সরকারের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, ২০০১ সালে যাঁরা ঘটনা ঘটিয়েছিলেন, তাঁদের শাস্তির বিধান করা তো দূরের কথা, সবার বিরুদ্ধে এখন পর্যন্ত মামলাই করা যায়নি। বর্তমান সরকার ওই ঘটনায় দেশের ১২টি জেলায় মোট ৩৭টি মামলা করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত মামলা হয়েছে ২৭টি। এর মধ্যে ১১টিতে সব আসামি খালাস পেয়েছেন। নয়টি বিচারাধীন। আরও ছয়টি ঘটনা তদন্তের পর্যায়ে আছে। আরেকটি মামলার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে।
আদালত ও পুলিশের সূত্রগুলো জানায়, সরকারপক্ষ সাক্ষ্যপ্রমাণ উপস্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় ১১টি মামলায় অভিযুক্ত ব্যক্তিরা পার পেয়ে গেছেন। বাকি মামলাগুলোতেও সরকারের তেমন আইনি তৎপরতা নেই।
সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের একাধিক দায়িত্বশীল ব্যক্তি প্রথম আলোকে বলেন, অপরাধীদের বিচার করে শাস্তি নিশ্চিত করা গেলে একই ধরনের ঘটনা এখন আর ঘটত না।