সংখ্যালঘু নির্যাতন, আসামি বিএনপি নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় ঘটনায় থানা বিএনপির সভাপতি মাহবুবুর রহমানসহ ১৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত আসামি থানা যুবদলের দুই সদস্য আহাম্মদ আলী (৩৫) এবং সারোয়ার হোসেনকে (২৪) আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মন্দিরে অগ্নিসংযোগের চেষ্টার পরিপ্রেক্ষিতে ত্রিশাল থানার উপপরিদর্শক (এএসআই) খলিলুর রহমান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। যুবদলের দুই সদস্যকে গ্রেপ্তার করার কথাও নিশ্চিত করেন তিনি।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ত্রিশাল থানা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান দাবি করেন, ‘এ ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়। আমাকে জড়িয়ে মিথ্যা মামলা করা হয়েছে। রাজনৈতিকভাবে আমাকে ঘায়েল করতে একটি মহল এ ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করার জন্য প্রশাসনকে অনুরোধ করছি।’

গত মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা একটি মন্দিরে অগ্নিসংযোগ করে ও ককটেল নিক্ষেপ করে।