সংখ্যালঘু নির্যাতন ও নৈরাজ্য সৃষ্টির নিন্দায় ৭৫ বিশিষ্ট নাগরিক
দেশব্যাপী নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি এবং সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের নিন্দা জানিয়েছেন দেশের ৭৫ জন বিশিষ্ট নাগরিক। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তাঁরা জামায়াত-শিবির চক্রের সব ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও মিথ্যাচার প্রতিরোধে দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের রায় ঘোষণা শুরু হওয়ার পর থেকে জামায়াত-শিবির চক্র প্রকাশ্যে গৃহযুদ্ধের ডাক দিয়ে দেশজুড়ে সশস্ত্র তাণ্ডব চালাচ্ছে। তারা জাতীয় পতাকার অবমাননা, শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর, পুলিশ হত্যা, দেশব্যাপী দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, মানুষ হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, থানা ও পুলিশ ফাঁড়ি আক্রমণ, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাঁরা এসব কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি প্রদান এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। বিবৃতিতে প্রধান বিরোধী দল বিএনপির প্রতি জামায়াত-শিবিরকে মদদ দেওয়া থেকে বিরত থাকা ও জামায়াতের সঙ্গ ত্যাগ করে গণজাগরণের সঙ্গে একাত্ম হওয়ারও আহ্বান জানানো হয়।বিবৃতিতে স্বাক্ষর করেছেন জিল্লুর রহমান সিদ্দিকী, মুস্তাফা নূর-উল-ইসলাম, হাসান আজিজুল হক, অনুপম সেন, শিল্পী কাইয়ুম চৌধুরী, সৈয়দ শামসুল হক, সনজিদা খাতুন, আ আ ম স আরেফিন সিদ্দিক, আনোয়ার হোসেন, প্রাণ গোপাল দত্ত, মেজবাউদ্দিন আহমেদ, কামাল লোহানী, রামেন্দু মজুমদার, আলী যাকের, আবুল বারকাত, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। বিজ্ঞপ্তি।