সংখ্যালঘু নির্যাতন তদন্তে বিএনপির চার কমিটি
জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতন ও ‘হত্যাকাণ্ড’ তদন্তে পেশাজীবীদের সমন্বয়ে চারটি তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি।
বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান ‘প্রথম আলো’কে জানান, গতকাল বুধবার রাতে পেশাজীবীদের সঙ্গে বৈঠকের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চারটি কমিটি গঠন করেছেন। এসব কমিটি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেবে। কমিটি নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিবর্ষণ বিষয়ে তদন্ত করবে।
সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা জেলার ঘটনাগুলো তদন্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকারকে আহ্বায়ক এবং সানাউল্লাহ মিয়াকে সদস্যসচিব করে একটি কমিটি করা হয়েছে।
নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ঘটনা তদন্তে গঠিত কমিটিতে সাবেক সচিব এ এফ এম আবদুল হালিম আহ্বায়ক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ আছেন।
সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার নির্যাতন তদন্তে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী ও জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরীর নেতৃত্বে কমিটি করা হয়েছে।
কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলার ঘটনাগুলো তদন্তে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে আহ্বায়ক ও দলের ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়েছে।