
অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে রাষ্ট্রক্ষমতা ব্যবহার করতে হবে। নাগরিক সমাজকে সম্মিলিতভাবে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে।
গতকাল রোববার ‘সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করো, আক্রান্তদের পাশে দাঁড়াও’ শীর্ষক নাগরিক সভায় ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এ কথা বলেন। নাগরিক সংগঠন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সভার আয়োজন করে।
সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বাংলাদেশ অনেক দূরে সরে এসেছে। সাম্প্রদায়িক নির্যাতন নতুন নতুন চেহারা নিচ্ছে। ২০০১ সালে নির্বাচন-উত্তর সহিংসতা নিয়ে সরকার যে কমিটি গঠন করেছিল, সেই কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয়নি।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘বাংলার হিন্দু, বাংলার খ্রিষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি’ এই কথা শুধু পোস্টারেই থেকে গেল, বাস্তব হলো না।
সভায় কবি সৈয়দ শামসুল হক বলেন, নির্যাতনের ঘটনা ঘটলেই অনেক সভা হয়, মানববন্ধন হয়, প্রচারপত্র বিতরণ করা হয়, কিন্তু সংখ্যালঘুদের মনে সাহস জাগানো হয় না। ১৯৪৬ সাল থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন পর্বে সহিংস ঘটনার স্মৃতিচারণা করে তিনি বলেন, সংখ্যালঘু নির্যাতনের পেছনে রাজনীতি, অর্থনীতিসহ কয়েকটি বিষয় কাজ করে। অবকাশের সময়, শান্তির সময় সংখ্যালঘুদের নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।
সভার পক্ষ থেকে একটি প্রস্তাব পড়ে শোনান জিয়াউদ্দীন তারেক আলি। প্রস্তাবে বলা হয়, ঘটনার পুনরাবৃত্তিরোধে প্রশাসনকে সর্বশক্তি নিয়োগ করতে হবে। সাম্প্রদায়িক নির্যাতনের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে। প্রস্তাবে আরও বলা হয়, ‘রাষ্ট্রের কাছে আমাদের দাবি, সন্ত্রাসী সংগঠনরূপে জামায়াতে ইসলামী এবং তার ছাত্র সংস্থা ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক।’
আলোচনায় অংশ নিয়ে আইনজীবী রানা দাসগুপ্ত বলেন, রাজনৈতিক ব্যর্থতার কারণে এ দেশে সাম্প্রদায়িক শক্তি পরিপুষ্ট হয়েছে। উদাহরণ হিসেবে বলেন, এরশাদ যখন রাষ্ট্রধর্ম বিল আনলেন তখন দুয়ারে দুয়ারে ঘুরেও ওই বিলের বিরুদ্ধে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ করা যায়নি।
আয়োজক সংগঠনের অন্যতম আহ্বায়ক ডা. সারওয়ার আলী বলেন, মূলত সম্পত্তি দখল ও ‘ভোটব্যাংক’ ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়। যারা নির্যাতন করে তাদের বিচার হয় না। রাজনীতিতে ধর্ম ব্যবহার বন্ধের পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত এই নাগরিক সভা শুরু হয়েছিল জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে। তারপর সদ্যপ্রয়াত বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘আমরা হাল ছেড়ে দিইনি। আমরা হেরে যাইনি। মুক্তিযুদ্ধের চেতনা সহজে হারবার নয়।’ তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ অর্জিত হয়েছিল, সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে। সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষেরা প্রতিকারহীন পরাভব মেনে নিয়েছে। বাংলাদেশকে হিন্দুদের জন্য ভয়ের জনপদ তৈরি করা হয়েছে। তিনি বলেন, সামগ্রিক ঔদাসিন্য এবং একের দায় অন্যের ঘাড়ে চাপানোর সংস্কৃতি বাংলাদেশকে এই অবস্থায় নিয়ে এসেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আবেদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজিমউদ্দিন খান।