
পাবনার সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে, ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল, নাটোরে সুনীল গোমেজসহ সাম্প্রতিক সময়ে সংঘটিত সব গুপ্তহত্যার বিচার এবং সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, বারবার হত্যার ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তাঁরা বলেন, এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবার। এখানে সবার সমান অধিকার রয়েছে। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
বক্তারা বলেন, হত্যাকাণ্ডের বিচার না হলে এ ধরনের ঘটনা বারবার ঘটতেই থাকবে। অবিলম্বে হত্যাকারী এবং হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তাঁরা। সমাবেশে হত্যাকাণ্ডের বিচার, সংখ্যালঘু নির্যাতন বন্ধ করাসহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
২০টির বেশি সনাতনী সংগঠন মিলে ঐক্যবদ্ধ সচেতন সনাতনী সমাজের ব্যানারে এই সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন শারদোঞ্জলি ফোরামের সভাপতি অজিত কুমার শীল, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ, সনাতনী যুব ঐক্যজোটের সভাপতি রিপন দাশ, কুশল চক্রবর্তী প্রমুখ। সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল বের করা হয়।