সংখ্যালঘু নির্যাতন বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে এবং অপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আদিবাসী পার্টি। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আদিবাসী পার্টির প্রেসিডেন্ট মিঠুন চক্রবর্তী বলেন, ‘চলতি বছরের শুরু থেকে ৩১ মার্চ পর্যন্ত সারা দেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে ৮ হাজার ২৫০টি। ২০১৫ সালের তুলনায় এ সংখ্যা প্রায় তিন গুণ বেশি।’

মিঠুন চক্রবর্তী বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীর নিজের এলাকা টুঙ্গিপাড়ায় সাধু পরমানন্দ রায়কে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিদিন সংখ্যালঘু নির্যাতন বেড়েই চলেছে।’ তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা, নির্যাতন প্রতিরোধ এবং অপরাধীদের বিচারে চলতি সংসদেই ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। বিজ্ঞপ্তি।