সংখ্যালঘু নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দল বিক্ষোভ সমাবেশ করবে।
গতকাল বুধবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ তথ্য জানান।
মোহাম্মদ নাসিম বলেন, শুধু জামায়াত-বিএনপি নয়, সংখ্যালঘুদের ওপর আক্রমণের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করতে হবে। সংখ্যালঘুদের ওপর আক্রমণের মধ্য দিয়ে মানুষের নিরাপত্তা নেই বলে বিএনপি-জামায়াত প্রমাণ করতে চায়। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় আমাদের অনেক ভুল ছিল। এগুলো এবার করা যাবে না। কারণ, জনগণ দুরবিন দিয়ে আমাদের কর্মকাণ্ড দেখছে। সাবধান থাকতে হবে। যেন আমাদের কেউ প্রশ্ন করতে না পারে।’ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক যৌথ সভায় অনুষ্ঠিত হয় গতকাল। সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও বি এম মোজাম্মেল হোসেন, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ মহানগর ১৪ দলের নেতারা বক্তব্য দেন।
রাজনীতিবিদেরা দায় এড়াতে পারেন না: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত যৌথ বাহিনী, সামরিক বাহিনী মাঠে থাকার পরও নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর আক্রমণ কেন প্রতিহত করা গেল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘সংখ্যালঘুদের ওপর হামলার দায় শুধু সরকার আর প্রশাসনকে দিলে চলবে না। আমরা যাঁরা প্রগতিশীল রাজনীতি করি, তাঁরাও এ দায় এড়াতে পারি না। আমাদেরও দায় নিতে হবে।’
সুরঞ্জিত অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি জামায়াতের সঙ্গে মিলে বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ করেছে।