সংখ্যালঘু নির্যাতনকারীদের শনাক্ত করা হয়েছে, বিচার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জোট সরকারের আমলে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘বাংলাদেশ জাতীয় মহাতীর্থ উন্নয়ন কমিটি’ আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। আইন প্রতিমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি একটি প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় কারা জড়িত ছিল, তা শনাক্ত করা হয়েছে। তাদের বিচারের কাঠগড়ায় আনার প্রক্রিয়া শুরু হচ্ছে। মহাতীর্থ উন্নয়ন কমিটির সভাপতি সাধনময় ভট্টাচার্যের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন, পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা সহদেব চৌধুরী বৈদ্য, কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি নকুল চন্দ্র সাহা প্রমুখ।