সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় অভিযান চলছে
দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় যৌথ বাহিনীর অভিযান চলছে। পুলিশ দাবি করেছে, এর মধ্যে তারা আসামিদের শনাক্ত করেছে। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, দিনাজপুরে যৌথ বাহিনী পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রাতে ১৫ জনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন মোবারক হোসেন, আবদুস সামাদ, মির্জা আল মাসুদ, আসাদুল ইসলাম ও আরিফুল ইসলাম। পুলিশ বলছে, তাঁরা বিএনপি-জামায়াত-শিবিরের কর্মী। এঁদের মধ্যে একজনের বাড়ি বগুড়ার সোনাতলা।
সংখ্যালঘু পরিবারগুলো বলছেন, তাঁরা হামলাকারীদের চিনতে পেরেছেন। পেটের দায়ে তাঁরা দিনের বেলা যাঁদের জমিতে কাজ করেন, তাঁরাই রাতের বেলা এঁদের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন।
যশোরের অভয়নগরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন হাদিউজ্জামান কানন (২২) ও মো. আলী মোল্লা (৪৫)। এঁদের দুজনেরই বাড়ি বালিয়াডাঙ্গা। কানন শিবির ও মো. আলী মোল্লা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন।
যশোরে নির্বাচনী কাজে বাধা দেওয়ার অভিযোগে মনিরামপুরে উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভা মেয়র শহীদ ইকবাল হোসেনকে আটক করা হয়েছে। গতকাল রাতে যৌথ বাহিনীর অভিযানে জামায়াত-বিএনপির ৭০ জনকে আটক করে।