সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ অব্যাহত
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল শুক্রবার অবস্থান ধর্মঘট, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এসব কর্মসূচি থেকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ হিন্দু মহাজোট। দীনবন্ধু রায়ের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, প্রতিটি নির্বাচনই হিন্দু সম্প্রদায়ের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে ফিরে আসে। আজ পর্যন্ত কোনো সরকারই তাঁদের জীবন ও সম্পদ রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার ইস্যু হিসেবে ব্যবহার করেছে।
বেলা ১১টায় একই স্থানে মানববন্ধন করে বাংলাদেশ মাইনরিটি সংগ্রাম পরিষদ। অশোক দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, হামলাকারীরা যে দলেরই হোক না কেন, অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শাস্তি নিশ্চিত করতে হবে।
একই স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এ মালেক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। অথচ চক্রান্ত করে আজ হিন্দুদের দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে।
পাড়া-মহল্লায় অসাম্প্রদায়িক বিবেকবান ব্যক্তিদের ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। মুক্তিভবনে গতকাল সিপিবি পল্টন থানা আয়োজিত মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি।