সংখ্যালঘু নির্যাতনের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি
ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। হামলার প্রতিবাদে গতকাল বুধবারও দেশের বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ ও মানববন্ধন হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ সকালে নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন শেষে সমাবেশ করে। সমাবেশে বক্তারা হামলাকারীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ সিলেট জেলা কমিটির আহ্বায়ক সুব্রত চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বাদশা মিয়া, আওয়ামী লীগের সাবেক জেলা সভাপতি আ ন ম শফিকুল হক, সিলেটের বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান খান, জেলা কমান্ড নেতা মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় নেতা অসিত ভট্টাচার্য, মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার প্রমুখ বক্তব্য দেন।
সুনামগঞ্জ: শহরে মানববন্ধন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটি। শহরের আলফাত স্কয়ারে দুপুর ১২টায় এই মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া: জেলা নাগরিক ফোরাম গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য। সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হারুন অর রশিদ, কবি আবদুল মান্নান সরকার প্রমুখ।