সংখ্যালঘু পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের হুমকি
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় পার্টির (এরশাদ) কর্মী-সমর্থকেরা সংখ্যালঘু একটি পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল বুধবার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উত্তম কুমার দাস নামের এক ব্যক্তি।উত্তম নারায়ণগঞ্জ নগরের জামতলা ধোপাপট্টি নিউ চাষাঢ়ার পুরাতন ৭৪/৬ নম্বর হোল্ডিংয়ের (নতুন ৬৪/১) বাসিন্দা মৃত লালমোহন দাসের ছেলে।পুলিশ সুপারের কাছে উত্তম অভিযোগ করেন, ‘২৪ জুন বিমল চন্দ্র দাস, আনোয়ার প্রধান ও মোহাম্মদ বুলবুল আমার বাড়িতে আসেন। তাঁরা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নাসিম ওসমানের (জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য) নাম ভাঙিয়ে বলেন, ‘‘তোরা দুই-তিন লাখ টাকা নিয়ে এই বাড়ি থেকে চলে যাবি এবং কোর্ট থেকে মামলা তুলে ফেলবি। দুই দিনের সময় দিলাম। অন্যথায় নাসিম ভাই তোর (উত্তম) লাশ ফেলে দিবে। এক রাতের মধ্যে বাড়ি থেকে উচ্ছেদ করে দিবে।’’ আরও বলেন, ‘‘আমরা ছাড়াও ফয়েজ ও সওদাগর তোদের উপর নজর রাখছে। যেকোনো সময় প্রাণনাশসহ বড় ধরনের অঘটন ঘটাবে।’’ এ কথা বলার দুই দিন পর আমরা লক্ষ করি, সাদা রঙের একটি মাইক্রোবাস নিয়ে অপরিচিত দুজন লোক এসে আমাকে খুঁজতে থাকেন এবং আমার ভাইকে আমার সন্ধান দিতে চাপ সৃষ্টি করতে থাকেন। এ কারণে আমি আমার পরিবার নিয়ে বর্তমানে আতঙ্কের মধ্যে আছি। আমি পালিয়ে বেড়াচ্ছি।’নগরের গলাচিপা এলাকার বাসিন্দা ও জাতীয় পার্টির সমর্থক আনোয়ার প্রধান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উত্তম দরিদ্র পরিবারের। ওদের ভালো চাইছি। একটা ঝামেলা করে লাভ নাই। দুইটা পয়সা যাতে সবাই পায়, সে জন্য গিয়েছিলাম। ওরা একচুয়ালি এখানে কোনো জমি পাবে না। কোর্টে গেলেও পাবে না। এ জন্য বললাম, তোমরা বসো। বসে একটা সমাধান করি।’আইনজীবী বিমল চন্দ্র দাস উত্তমকে মামাতো ভাই দাবি করে বলেন, ‘উত্তমই নাসিম (সাংসদ নাসিম ওসমান) ভাইয়ের কাছে গেছে। এ জমির ব্যাপারে সাহায্য চেয়েছে। এ জন্য নাসিম ভাই আমাকে বিষয়টা দেখতে বলেছেন। এখন যখন উত্তম এমন একটা অভিযোগ করছে, তাহলে ওর বিষয় ও বুঝুক। আমি আর নাই।’ তবে বিমলের বক্তব্যের বিরোধিতা করে উত্তম বলেন, ‘তিনি আমার কোনো ধরনের আত্মীয় নন।’এ ব্যাপারে কথা বলতে সাংসদ নাসিম ওসমানের মুঠোফোনে বেশ কয়েকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘উত্তম কুমার দাসের লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে খোঁজখবর নিতে একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’