সংখ্যালঘু পরিবারের ওপর আ.লীগ নেতার হামলা
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে এক সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বাড়ির দরজায় মাটি ভরাট নিয়ে গত মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে৷
হামলায় ওই পরিবারের দিলীপ মজুমদার (৪০) ও তাঁর স্ত্রী রিনা রানী মজুমদার (৩০) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সুবর্ণচরের চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
হামলায় আহত দিলীপ মজুমদার বলেন, মঙ্গলবার সকাল থেকে তিনি তাঁর বাড়ির দরজায় মাটি ফেলে মেরামতকাজ শুরু করেন। দুপুর দুইটার দিকে একই এলাকার বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম সওদাগর লোকজন নিয়ে এসে মাটি ফেলার জায়গাটি তাঁর বলে দাবি করেন।
এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সেলিম সওদাগর ও তাঁর সঙ্গে থাকা লোকেরা এলোপাতাড়ি তাঁকে মারধর করেন। এ সময় চিৎকার শুনে বাড়ি থেকে তাঁকে রক্ষা করতে এসে স্ত্রী রিনা রানী মজুমদারও হামলার শিকার হন। পরে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
দিলীপ মজুমদার অভিযোগ করেন, ঘটনার পর তিনি নিজে বাদী হয়ে মঙ্গলবার বিকেলে চরজব্বার থানায় সেলিম সওদাগরসহ হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু গতকাল বুধবার বিকেল পর্যন্ত থানা পুলিশের কেউ ঘটনাস্থল পরিদর্শনে আসেনি।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম সওদাগর প্রথম আলোকে বলেন, ‘আমি আমার জায়গার ওপর মাটি ফেলতে দিলীপকে নিষেধ করি। এতে তিনি উত্তেজিত হয়ে জোরপূর্বক মাটি ফেলা অব্যাহত রাখেন। এ নিয়ে সামান্য কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি। ঘটনার জন্য তিনিও অনুতপ্ত।
সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এনামুল কবির বলেন, সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনার কোনো বিষয় তিনি জানেন না এবং এ ধরনের কোনো ঘটনার বিষয়ে কেউ থানায় অভিযোগও করেনি।