সংখ্যালঘু পরিবারের ঘর ভেঙে রাস্তা নির্মাণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার দক্ষিণ সহদেবপুর গ্রামের একটি সংখ্যালঘু পরিবারের ঘরবাড়ি জোরপূর্বক ভেঙে দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের বাসিন্দা নিতাই ভৌমিক গতকাল শনিবার বিকেলে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।লিখিত বক্তব্যে নিতাই ভৌমিক জানান, ২০০০ সালে তিনি ও তাঁর স্ত্রী দক্ষিণ সহদেবপুর মৌজায় স্নেহলতা ঘোষের কাছ থেকে সাড়ে পাঁচ শতাংশ জমি কিনে নিয়ে সেখানে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণ করে বসবাস শুরু করেন। বাড়ির পেছনে সীমানা প্রাচীরের কাছে স্নেহলতা ঘোষের মেয়ের নামে তিন শতাংশ জমি রয়েছে। মিজানুর রহমান হাজারী, মো. ইমরান হোসেন হাজারী ও মো. জাহাঙ্গীর আলম হাজারী ওই তিন শতাংশ জমি কেনার জন্য বায়না করেছেন-এ দাবি তুলে তাঁর বাড়ির ওপর দিয়েই রাস্তা দেওয়ার দাবি করেন। না দেওয়ায় একপর্যায়ে তাঁরা বাড়িতে হামলা করেন। এ ঘটনায় ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি ফেনী আদালতে মামলা করা হয়। মামলাটি বিচারাধীন। এ অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে আনুমানিক ২০০ লোক তাঁর ওই বাড়ির সীমানা প্রাচীর এবং একটি টিনের ঘর ভেঙে বসবাসরত দুটি ভাড়াটে পরিবারকে উচ্ছেদ করে অভিযুক্ত ব্যক্তিরা রাস্তা নির্মাণ করেন। এ সময় বাড়ির একমাত্র নলকূপটিও ভেঙে ফেলেছেন তাঁরা। নিতাই ভৌমিক অভিযোগ করেন, ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা পুলিশ সুপারকে বিষয়টি মুঠোফোনে জানিয়েও তিনি তেমন কোনো প্রতিকার পাননি। এ ছাড়া তিনি মামলা করতে থানায় গিয়ে সেখানে প্রতিপক্ষের লোকজন ঘোরাফেরা করতে দেখে ভয়ে মামলা না করে ফিরে আসেন। বর্তমানে তিনি ও তাঁর পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।এ প্রসঙ্গে ফেনী থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, নিতাই ভৌমিক নামের এক ব্যক্তি মুঠোফোনে হামলার কথা জানালে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। তাঁকে মামলা দিতে বলা হলেও তিনি মামলা দেননি। ফেনী পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মোসলে উদ্দিন হাজারী ওরফে বাদল হাজারী বলেন, তিনি নিতাই ভৌমিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের কথা শোনেননি। তবে সাবেক মেয়রের সময়ে ওই বাড়ির পেছনের লোকজনের চলাচলের সুবিধার্থে একটি রাস্তা নির্মাণের প্রস্তাব করা হয়েছিল। বিষয়টি নিয়ে সমঝোতার প্রস্তাবও দেওয়া হয়েছিল। এর বেশি কিছু তিনি জানেন না।