সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের এক সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংখ্যালঘু পরিবারের সদস্য রাজীব চক্রবর্তী গত শনিবার দিরাই থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ওই গ্রামের প্রভাবশালী (সাবেক ইউপি সদস্য) লাল মিয়া ও তাঁর সহযোগীরা বাউলসম্রাট শাহ আবদুল করিমের বাড়িসংলগ্ন রাজীবের পূর্বপুরুষের ৫৯ শতাংশ পতিত জমি দখল করে মসজিদ নির্মাণের নামে মাটি ভরাট করছেন। দুই বছর আগেও লাল মিয়া ও তাঁর সহযোগীরা ওই জায়গা দখলের চেষ্টা করেন। তাড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল হক তালুকদার বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ওই জায়গায় মাটি ভরাট করতে নিষেধ করি। আমার জানা মতে এই জায়গা ঠাকুর বাড়ির।’লাল মিয়া বলেন, ‘ওই জায়গার মালিক আমাদের গ্রামের আবদুল আহাদ। তিনি ১০ বছর আগে ৫৯ শতক জায়গা মসজিদের নামে দান করেছেন।’ দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘উভয়পক্ষই তাঁদের বৈধ কাগজ আছে বলে দাবি করছে। আমরা বিষয়টি সমাধানের জন্য তাঁদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি। আদালতের রায়ের আগ পর্যন্ত সেখানে মাটি ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।’