সংখ্যালঘু পরিবারের জায়গা দখল করলেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় এক সংখ্যালঘু পরিবারের দুই বোনের ১১ শতক ভূমি দখল করে নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুল কাদির ও তাঁর ভাই কিতাব আলী। কাদির শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শাহীন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
এলাকার অনেকে জানান, পৌরসভার জগন্নাথপুর এলাকায় জেএল নং ১৫৬, এসএ-৩০০ খতিয়ানের ৩৫৭ ও ৩৫৮ দাগের ২৪ শতক ভূমির মালিক ওই এলাকার মনীন্দ্র পাল ও তাঁর ভাই রামেন্দ্র পাল। মনীন্দ্রের দুই মেয়ে প্রণতি ও যোগমায়া গত ১৯ মার্চ বাবা-কাকার কাছ থেকে ওই দাগের ১১ শতক জায়গা কেনেন। গত ২০ মার্চ একই এলাকার কাদির ও কিতাব লোকবল নিয়ে ওই জায়গা দখল করেন। তাঁরা সেখানে বাঁশের বেড়া ও একটি ঘর তৈরির পাশাপাশি গাছগাছালি রোপণ করেন এবং পাহারাদার বসান।
খবর পেয়ে প্রণতি ও যোগমায়া ঘটনাস্থলে যান। এ সময় ওই দুই ভাই এ ভূমি নিজেদের বলে দাবি করেন। দুই ভাই জানান, রামেন্দ্র তাঁদের কাছে ওই জায়গা বিক্রি করবেন আশ্বাস দিয়ে নগদ টাকা নিয়েছেন। তবে রামেন্দ্র এ দাবি অস্বীকার করে জানান, এগুলো দখলকারের সাজানো নাটক। তাঁর অংশের ভূমি তিনি প্রণতি ও যোগমায়ার কাছে বিক্রি করেছেন।
এদিকে দখলের বিষয়ে প্রণতি ও যোগমায়া ২০ মার্চ থানায় অভিযোগ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো ব্যবস্থা না নিয়ে চলে আসে। বিষয়টি মৌখিকভাবে পৌরসভার মেয়রসহ এলাকাবাসীকে জানানো হয়। কিন্তু কেউ এগিয়ে আসেননি। পরে ওই দুই বোন স্থানীয় সাংসদ মো. আবু জাহির, জেলা প্রশাসক, পুলিশের কাছে মৌখিক ও লিখিতভাবে আবেদন জানান।
দখলদারেরাও গত ২৩ এপ্রিল ওই ভূমি নিজেদের দাবি করে আদালতে মামলা করেন। অবশেষে গত ২১ জুলাই দুই বোন ওই জমিতে ১৪৪ ধারা জারির জন্য আদালতে মামলা করেন।
গত ২৯ এপ্রিল স্থানীয় পৌর মেয়র ফরিদ আহমেদের সভাপতিত্বে এক বৈঠক বসে। বৈঠকে জায়গার মালিক ও দখলকার উভয় পক্ষকে উপস্থিত রাখা হয়। সালিসে কাদির এ জায়গা তিনি দুই লাখ টাকা দিয়ে বায়না করেছেন বলে জানান। সালিসকারকেরা তাঁর বায়নার কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। জমির বিক্রেতারা তাঁর কাছ থেকে কোনো টাকাপয়সা নেওয়ার কথা অস্বীকার করেন। এর পরও সালিসে সিদ্ধান্ত দেওয়া হয়, ১১ শতক জায়গা থেকে পাঁচ শতক জায়গা কাদিরকে দিতে হবে। এ রায় মেনে নেননি প্রণতি ও যোগমায়া। ওই দুই বোন জানান, সালিস বসার আগেই সালিসকারকেরা সাদা কাগজে তাঁদের স্বাক্ষর নিয়ে নেন।
সম্প্রতি তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানালে মন্ত্রণালয়ের উপসচিব সুমাইয়া পারভিন স্বাক্ষরিত এক পত্রে আইনানুগ ব্যবস্থা নিতে গত ৬ অক্টোবর পুলিশের মহাপরিদর্শককে একটি চিঠি দেন। এ চিঠির অনুলিপি জেলা পুলিশকেও দেওয়া হয়। তবে এখন পর্যন্ত পুলিশ ব্যবস্থা নেয়নি।
কাদির জানান, ১৯৫৭ সালের সেটেলমেন্টের সময় তাঁদের এ জায়গা ভুলক্রমে মনীন্দ্রের বাবা উমেশ পালের নামে রেকর্ড হয়। এ রেকর্ড ভাঙার জন্য তাঁর বাবা আলী আকবর ১৯৭৫ সালে মামলা করেন। সেই রেকর্ড বাবা ভেঙে যেতে পারেননি।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুদ্দিন চৌধুরী জানান, উভয় পক্ষই আদালতে মামলা করেছে। এ কারণে কোনো সুরাহা হচ্ছে না।