সংখ্যালঘু পরিবারের বাড়ি দখলের অভিযোগ
সারা দেশে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ অব্যাহত রয়েছে, ঠিক তখনই ঝালকাঠির রাজাপুরে এক অসহায় হিন্দু পরিবারের বসতভিটা দখল করে নিয়েছে একই এলাকার প্রভাবশালী একটি মহল। আর এতে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আক্তারের সহযোগিতার অভিযোগ উঠেছে। জমি দখলে বাধা দেওয়ায় জমির মালিক মৃত নিমাই চন্দ্র মিস্ত্রির স্ত্রী অমিয় বালাকে (৬৫) বেধড়ক পিটিয়েছে জমি দখলকারীরা। গত সোমবার দুপুরে রাজাপুর সদরের টিঅ্যান্ডটি সড়কে এ ঘটনা ঘটে।
অমিয় বালা অভিযোগ করেন, ‘১০০ বছরের আগে থেকে পূর্বপুরুষদের বসতভিটায় আমরা বসবাস করে আসছি। হঠাৎ সোমবার দুপুরে প্রতিবেশী কবির হোসেন ও শিপন মিয়া নামের দুই ব্যক্তি এই জমি তাদের উল্লেখ করে বেশ কিছু লোকজন নিয়ে আমাকে ঘর থেকে বের করে দেয়। আমি বের হতে না চাইলে আমাকে কিল-ঘুষি ও লাথি দিতে দিতে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে দেয়। পরে আমার বাড়ির জমি কাঁটাতারের বেড়া দিয়ে দখল করে নেয়। ওই জমিতে আমার স্বামীকে দাহ করা হয়েছে।’
কবির হোসেন বলেন, ‘আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সরকারের কাছ থেকে ওই জমি ইজারা নিয়েছি। তাই আমরা ইউএনওর নির্দেশে একজন সার্ভেয়ার (জরিপকারক) নিয়ে দখল নিতে এসেছি।’ তবে কবির হোসেন তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের এর সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
অমিয় বালার ছেলে অনিমেষ মিস্ত্রি বলেন, ‘আমাদের পৈতৃক সম্পত্তি সরকার ভুলক্রমে অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করেছে, যা নিয়ে ঝালকাঠি আদালতে সরকারের সঙ্গে আমাদের মামলা চলছে। মামলা বিচারাধীন থাকা অবস্থায় ইউএনও মাহবুবা আক্তার কীভাবে এই জমি ইজারা দেন? জমি দখলের সময় ইউএনও থানায় ফোন করে পুলিশ আসতেও নিষেধ করেন।’
ইউএনও বলেন, ‘ওই জমির প্রকৃত মালিক কারা, তা আমার জানা নেই। সরকারি জমি হিসেবে কবির হোসেনকে তা ইজারা দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ সঠিক নয়। পুলিশ যেতে নিষেধ করিনি। তবে পুলিশকে বলেছি, যারা এত দিন জমির দখলে ছিল, তাদের কাগজপত্র নেই।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছি। এ ছাড়া ঘটনাস্থলে নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে।’