সংখ্যালঘু পরিবারের বাড়ির রাস্তায় গাছ লাগিয়ে দখল
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নে সংখ্যালঘু পরিবারের দুটি বাড়িতে ঢোকার পথে কলাগাছ লাগিয়ে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। তারা ওই রাস্তাটি নিজেদের বলে দাবি করছে। রাস্তায় কলাগাছ লাগানোয় বাড়িতে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে দুই বাড়ির ছয়টি পরিবার।তপন চন্দ্র দে ও সুভাষ চন্দ্র দে বিষয়টি জানিয়ে গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদ কুতুবের কাছে একটি আবেদন করেছেন। ইউএনও বিষয়টি দেখে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান। রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, তপন চন্দ্র দে ও সুভাষ চন্দ্র দে-এর বাড়িতে ঢোকার পথে প্রায় ২০-২৫ গজ পর্যন্ত ১৯টি কলাগাছ লাগানো হয়েছে। ইউনিয়নের হাদীনগর গ্রামের আবুল কাশেমসহ অনেকে জানান, মঘাদিয়া হিন্দুপাড়ার পার্শ্ববর্তী হোসেনের জমানের ছেলে আবুল খায়ের ও তাঁদের পরিবারের লোকজন গত ৯ এপ্রিল গাছগুলো লাগিয়েছে।সুভাষ দে ও তপন চন্দ্র দে দাবি করেন, প্রায় ১৭ বছর আগে হোসেনের জমানের ছেলেদের কাছ থেকে আট শতক জায়গা কিনে রাস্তা প্রশস্ত করা হয়। তবে ৫০-৬০ বছর ধরে ছয় সংখ্যালঘু পরিবারের লোকজন ওই রাস্তা ব্যবহার করে আসছে। এখন হোসেনের জমানের ছেলেরা রাস্তার জায়গা তাঁদের বলে দাবি করছেন। এ নিয়ে সালিস বসলেও কোনো কাজ হয়নি। জায়গা মাপার চেষ্টা করে কাজ হয়নি। হোসেনের জমানের ছেলে মো. আজম ঠাকুর হাটে আবু তাহের নামের এক সালিসকারীকে মারধর করে। এর পর থেকে কেউ সালিসে এগিয়ে আসেননি।আবুল খায়ের কলাগাছ লাগানোর কথা স্বীকার করে বলেন, ‘আমাদের জায়গায় গাছ লাগিয়েছি। এতে কারও অসুবিধা হলে কিছু করার নেই।’ আবুল খায়েরের বড় ভাই ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবদুর রউফও জায়গা নিজেদের বলে দাবি করেন।