সংখ্যালঘু পরিবারের সম্পত্তি বেদখল
বরিশালের গৌরনদী উপজেলায় আদালতের নির্দেশ উপেক্ষা করে একটি সংখ্যালঘু পরিবারের দুই কোটি টাকার সম্পত্তি আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় দুই নেতা দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী পরিবার ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের জগদীস চন্দ্র মিত্র চার একর ৫৬ শতাংশ জমি রেখে মারা যান। মৃত্যুর পর তাঁর দুই ছেলে রাধারমণ মিত্র ও বিমল চন্দ্র মিত্র পৈতৃক সূত্রে ওই জমির মালিক হন। এরপর রাধারমণ মিত্র দুটি দলিলে খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহজাহান খান ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলী আকবরের কাছে তাঁর এক একর ২২ শতাংশ জমি বিক্রি করেন।২০১২ সালের ফেব্রুয়ারিতে ওই দুই ব্যক্তি তাঁদের সহযোগীদের নিয়ে বিমল মিত্রের বসতভিটার ২২ শতাংশ জমি বাদ দিয়ে দুই ভাইয়ের পুরো চার একর ৩৪ শতাংশ জমি দখলের চেষ্টা করেন। বিমল মিত্র গৌরনদী সহকারী জজ আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত ২০১২ সালের ১৯ মার্চ এক একর ২২ শতাংশ জমি বাদে পুরো জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন।বিমল মিত্র অভিযোগ করেন, গত বছরের ৪ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর আদালতের এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় থানার পুলিশের সহায়তায় শাহজাহান খান ও আলী আকবর তাঁদের দলবল নিয়ে সব জমি দখল করে নেন। পরে এ ব্যাপারে বিমল মিত্র একাধিকবার গৌরনদী থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে তাঁর সঙ্গে খারাপ আচরণ করে।খাঞ্জাপুর গ্রামের শামছুল হক সরদার, আতাউর রহমানসহ বেশ কয়েকজন জানান, আওয়ামী লীগ ও বিএনপির নেতারা এক একর ২২ শতাংশ জমির দলিল নিয়ে ক্ষমতার জোরে পুরো চার একর ৩৪ শতাংশ জমি দখল করে আসছেন। এই সম্পত্তির মূল্য দুই কোটি টাকারও বেশি হবে বলে জানান তাঁরা।অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে শাহজাহান ও আলী আকবর জমি দখলের কথা স্বীকার করেন। ক্রয়সূত্রে জমির মালিকানা দাবি করে তাঁরা বলেন, ‘আমরা গায়ের জোরে কারও সম্পত্তি দখল করিনি।’ তবে খাঞ্জাপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা লুৎফর রহমান জানান, নামজারির মাধ্যমে উল্লেখিত খতিয়ানে শাহজাহান ও আলী আকবরের নামে এক একর ২২ শতাংশ জমি রেকর্ড রয়েছে।গৌরনদী থানার ওসি আবুল কালাম বলেন, অবৈধভাবে জমি দখলের বিষয়টি পুলিশ আদালতকে জানাবে। পরে আদালত ব্যবস্থা নেবেন।