সংখ্যালঘু ভোট টানতে চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সংখ্যালঘু ভোটারদের ভোটে ভাগ বসাতে মরিয়া বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থীর লোকজন। তাঁদের সব ভোট যাতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল-সমর্থিত প্রার্থীর পক্ষে না যায়, সে জন্য তাঁরা জোর চেষ্টা চালাচ্ছেন।
নির্বাচন কমিশনে সিটি করপোরেশন এলাকায় সংখ্যালঘু ভোটের কোনো হিসাব নেই। তবে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির কাছে হিসাব আছে, নির্বাচনী এলাকায় প্রায় এক লাখ সংখ্যালঘু ভোটার রয়েছে।
বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নানের টঙ্গীর নির্বাচনী কেন্দ্রে বসে গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি এস এম শাহানশাহ আলম, ‘সংখ্যালঘু ভোট ১৪ দল-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানের বড় শক্তি। আমরা এই ভোটের অন্তত অর্ধেক পেতে চাই। এই ভোট ভাগ করা গেলে আমাদের বিজয় সুনিশ্চিত।’ সংখ্যালঘুদের ভোট টানতে সিটি নির্বাচনের প্রায় শুরু থেকেই বিএনপির সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক কেন্দ্রীয় নেতা প্রচারণা চালাচ্ছেন। গাজীপুর এবং টঙ্গীর বিভিন্ন এলাকা ঘুরে সংখ্যালঘু-অধ্যুষিত এলাকায় তাঁদের তৎপরতা চোখে পড়েছে। তবে বসে নেই আওয়ামী লীগ। বিএনপির প্রচারণা রুখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান টঙ্গী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী।
বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী সাত দিন ধরে সংখ্যালঘু-অধ্যুষিত এলাকাগুলোতে প্রচারণা চালাচ্ছেন। গতকাল একটি দল নিয়ে তিনি পুবাইলের ভাদুন এলাকায় প্রচারণা চালান। নিতাই রায় বলেন, ‘দলের মহাসচিবের নির্দেশে এখানে এসেছি। বিশেষ করে সংখ্যালঘু এলাকাগুলোতে যাওয়ার নির্দেশ আছে।’
ইউনিয়ন যুবদলের নেতা মশিউর রহমান বলেন, পুবাইল ইউনিয়নে প্রায় সাড়ে তিন হাজার সংখ্যালঘু ভোট আছে। এলাকায় দাদার (নিতাই রায়) মতো নেতারা এসে ভালো হলো। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের প্রচারণায় নামানোর পাশাপাশি প্রচারণায় কৌশলগত কিছু পরিবর্তনও এনেছে বিএনপি। নিতাই রায় বলেন, আগে দলের কর্মীরা সংখ্যালঘু এলাকায় গিয়ে বলতেন, এত দিন তো নৌকায় দিলেন, এবার বিএনপিকে দিয়ে দেখেন। এতে সংখ্যালঘু ভোটারদের মধ্যে কিছুটা সন্দেহ থেকে যেত। এবার নেতা-কর্মীরা সরাসরি ভোট চাইছেন। তাঁরা সংখ্যালঘু ভোটারদের বিশ্বাস ফেরানোর চেষ্টা করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গত শনিবার গাজীপুরের রাজবাড়ী, শ্মশানঘাটসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। এ সময় তিনি বলেন, সম্প্রতি সংখ্যালঘু এলাকায় হামলার পর বিচার না হওয়া, অর্পিত সম্পত্তি নিয়ে কোনো সুরাহা না হওয়া—এসব বিষয় তিনি সংখ্যালঘু ব্যক্তিদের কাছে তুলে ধরেন।
গয়েশ্বর প্রথম আলোকে বলেন, তিনি অসুস্থ থাকায় তাঁর মেয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অপর্ণা রায় সংখ্যালঘু-অধ্যুষিত এলাকায় প্রচারণা চালাচ্ছেন। তাঁদের প্রচারণা নির্বাচনে ভালো ফল বয়ে আনবে। তবে গাজীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্র চন্দ্র মণ্ডল বলেন, বিএনপি নেতার এ আশাবাদ ফলবে না। কারণ, সাঈদীর রায়ের পর কারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করেছিল, তা গয়েশ্বরের কাছ থেকে সংখ্যালঘু ব্যক্তিরা শিখবে না। ওনারা পাঁচ বছর ক্ষমতায় থেকে অর্পিত সম্পত্তি নিয়ে কিছুই করেননি।