ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাংসদ ও লালমোহন পৌর নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি দেখানো, হুমকি-ধমকি দেওয়া ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তবে সাংসদ ও মেয়র পদপ্রার্থী দুজনই অভিযোগ অস্বীকার করেছেন। গত ৩ জানুয়ারি লালমোহন পৌরসভার আওয়ামী লীগ ও নাগরিক কমিটির প্রার্থী এ কে এম মিজানুর রহমান এবং ২ জানুয়ারি বিএনপির প্রার্থী এনায়েত কবীর ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তাঁরা অভিযোগ করেন, ভোলা-৩ আসনের সাংসদ নুরনবী চৌধুরী শাওন লালমোহন পৌরসভার সংখ্যালঘু নেতাদের ও লালমোহন বাজারের বড় বড় হিন্দু বণিককে তাঁর বাসায় ডেকে নিয়ে যান। এ সময় সাংসদ মেয়র পদপ্রার্থী এমদাদুল ইসলামকে ভোট দিতে বলেন। নয়তো লালমোহন পৌরসভায় সংখ্যালঘুদের মধ্যে অশান্তি নেমে আসতে পারে বলে ভয়ভীতি দেখান। শুধু সাংসদই নন, তাঁর চাচাতো ভাই মেয়র পদপ্রার্থী এমদাদুল ইসলামও এ ধরনের হুমকি দিচ্ছেন। এর পর থেকে লালমোহন পৌরসভায় সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নাগরিক কমিটির প্রার্থী আরও দাবি করেছেন, লালমোহনে কোনো নির্বাচনী পরিবেশ নেই। এ জন্য সেনাবাহিনী মোতায়েন করতে হবে। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমি আওয়ামী লীগের তৃণমূল নেতাদের পছন্দের প্রার্থী। কিন্তু সাংসদ নুরনবী চৌধুরী নির্লজ্জভাবে তাঁর চাচাতো ভাইকে মনোনয়ন দিয়েছেন; যিনি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যও নন। এমদাদুল ইসলাম ১৯৯৬ সালে বিএনপিতে স্থান না পেয়ে আওয়ামী লীগে যোগ দেন। ২০০৫ সালে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় তাঁকে বহিষ্কার করা হয়।’ বিএনপির প্রার্থী এনায়েত কবীর ও নাগরিক কমিটির প্রার্থী আরও অভিযোগ করেন, ওই মেয়র পদপ্রার্থীর সন্ত্রাসী বাহিনী তাঁদের কর্মীদের পোস্টার সাঁটাতে দিচ্ছে না। কর্মীদের মারধরসহ আচরণবিধি লঙ্ঘন করছে। বজ্রকণ্ঠে স্লোগান দিয়ে মিছিল-মিটিং করছে। সাংসদ নুরনবী চৌধুরী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি তো নির্বাচনী আচরণবিধি জানি। অন্যদিকে সংখ্যালঘু নেতারা তাঁদের সমস্যা সমাধানে আমার বাসায় এসেছিলেন। তাঁদের ডাকা হয়নি, ভোট দিতেও বলা হয়নি। আমরা বরাবরই তাঁদের (হিন্দু) বন্ধু।’ গত মঙ্গলবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে মেয়র পদপ্রার্থী এমদাদুল ইসলাম ও ৪০ জন কাউন্সিলর পদপ্রার্থী লিখিত বক্তব্যে জানান, বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এনায়েত কবীর ১৮ বছর ধরে লালমোহন পৌরসভার মেয়র। ওই ১৮ বছরে লালমোহনে কোনো নির্বাচন হয়নি। ২০০১ সালে লালমোহনে হাজার হাজার সংখ্যালঘুর ওপর যে নির্যাতন চালানো হয়েছিল, তা ওই মেয়র প্রার্থী এনায়েত কবীরের নেতৃত্বে।লালমোহন বণিক সমিতির নেতা মনোরঞ্জন চন্দন, চাঁদ সওদাগরসহ একাধিক সংখ্যালঘু নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাংসদ ও তাঁর ভাই তাঁদের কোনো হুমকি-ধমকি দেননি। এবার তাঁরা ভোট দেওয়ার ব্যাপারে আশাবাদী।কথা হয় লালমোহনের কয়েকজন সংখ্যালঘু ভোটারের সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, মেয়র পদপ্রার্থী এমদাদুল ইসলামকে ভোট দিতে সাংসদের নির্দেশের কথা তাঁরাও শুনেছেন। তবে ভোটের দিন তাঁরা তাঁদের মতোই ভোট দেবেন। জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, ‘আজ (মঙ্গলবার) থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য আইনশৃঙ্খলা ও আচরণবিধি রক্ষায় মাঠে ভ্রাম্যমাণ আদালত ও বহিরাগতদের রুখতে শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তাদের বিষয়টি জানাব।’