সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করে বিচার বিভাগীয় তদন্ত দাবি
সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন ও নির্যাতনকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে ‘হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস’ (এইচআরসিবিএম) সিলেট জেলা ও মহানগর শাখার নেতারা। গতকাল শনিবার সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংগঠনের মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।সিলেটের একটি মন্দিরের সেবায়েতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ও দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি চলাকালে ওই সমাবেশ হয়। এইচআরসিবিএম জেলা শাখার চেয়ারম্যান দিলীপ কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মাইনরিটি ওয়াচের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্র ঘোষ, এইচআরসিবিএমের বিশেষ প্রতিনিধি রাতুল চৌধুরী, কুমার গণেশ পাল, অতীন্দ্র রঞ্জন দেব, নৃপেশ সিং, আইনজীবী জ্যোতিষ রঞ্জন দাস প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন এইচআরসিবিএম সিলেটের জেনারেল সেক্রেটারি রাকেশ রায়।