সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। গতকাল বুধবার সকালে উপজেলার কলেজ মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দাবি করেন। একই সঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার বিচার দাবি করেন।
মানববন্ধনে দীঘিনালা উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদ, সনাতন ছাত্র ও যুব পরিষদ, দীঘিনালা উপজেলা বড়ুয়া সমাজ কল্যাণ পরিষদ, শালবন বৌদ্ধ যুব কল্যাণ পরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদসহ (পিসিপি) বিভিন্ন সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা দেশের নাগরিক হিসেবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে চায়। কিন্তু বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আঘাত এসেছে।
বক্তারা অবিলম্বে নাসিরনগরে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। একই সঙ্গে হামলার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
উপজেলা সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মৃদুল কান্তি সেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নিউটন মহাজন, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জ্ঞান চাকমা, বড়ুয়া সমাজ কল্যাণ পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক সুপায়ন বড়ুয়া, নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাধন ঘোষ, কেন্দ্রীয় শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নন্দু কুমার দে, শিক্ষক গণেশ চন্দ্র নাথ, চন্দনানন্দ গিরীমহারাজ, অনুপ সেন প্রমুখ।