সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করেই সামনে এগোতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার অনুযায়ী কোনো জাতিগোষ্ঠীই কমার কথা নয়। কিন্তু নির্যাতন আর অবহেলার কারণে কমে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। এর মূলে রয়েছে সাম্প্রদায়িকতা। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হলে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করেই সামনে এগোতে হবে।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন: কারণ ও সমাধান’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। সম্প্রীতি মঞ্চ এবং সেন্টার ফর হিউম্যান সোসাইটির সহযোগিতায় কোয়ালিশন ফর কমিউনাল হারমনি বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, যেভাবে দেবোত্তর সম্পত্তি আইনের খসড়াটি হয়েছে তাতে সংখ্যালঘুরা ২০ বছর নয়, তারও আগেই নিশ্চিহ্ন হয়ে যাবে মনে হচ্ছে। এভাবেই আইনটি প্রণয়ন করা হলে তা মানবাধিকারের সুষ্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত হবে।
প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, সংখ্যালঘুদের ওপর যে ধরনের বিপদ, তা শুধু রাজনৈতিক উদ্যোগেই সমাধান হবে না। সবাইকে সত্যিকারের কাজের মাধ্যমে তা করতে হবে।
অধ্যাপক অজয় রায় বলেন, নির্যাতন, সম্পত্তি দখল, ধর্মীয় উপাসনালয়ে হামলার কারণেই সংখ্যালঘুরা চলে যাচ্ছে। তাদের ফিরিয়ে আনতে হলে এসব সমস্যার স্থায়ী প্রতিকারের পাশাপাশি সংবিধানে ধর্মসংশ্লিষ্টতা বাদ দিতে হবে।
রাজনীতিবিদেরা সাম্প্রদায়িকতাকে উসকানি দিচ্ছেন দাবি করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধান দুই দলের কেউই সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন না। তাঁদের দৃষ্টি প্রথমে পড়বে সংখ্যালঘুদের সম্পত্তির ওপর।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, সামনে নির্বাচনে ভোট নিয়ে মাতামাতি হচ্ছে কিন্তু সংখ্যালঘুদের অধিকার নিয়ে কেউ কথা বলছে না।
‘বাংলাদেশের সংখ্যালঘুরা: নির্যাতনের কারণ ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী। ‘দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন, ২০১৩’ শীর্ষক লিখিত প্রবন্ধে মঠ-মন্দির ও দেবোত্তর সম্পত্তি রক্ষা ও পুনরুদ্ধার জাতীয় কমিটির আহ্বায়ক সত্যরঞ্জন বাড়ৈ আইনের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরেন।