দেশের সংখ্যালঘুরা অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন। তাঁদের অস্তিত্ব আজ বিপন্ন। প্রতিনিয়ত সংখ্যালঘুরা আবাস থেকে উচ্ছেদ হচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশে সংখ্যালঘুর মানবাধিকার পরিস্থিতি-২০১৫’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করার সময় ঐক্য পরিষদের নেতারা এই মন্তব্য করেন।
মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে সংখ্যালঘুদের ২৬২টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৩৯ জন। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত একক ব্যক্তি, একাধিক ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৫৬২। অপহরণের শিকার হয়েছেন ২৪ জন সংখ্যালঘু নারী। ধর্ষণের শিকার হয়েছেন ২৫ জন, তাঁদের মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ৯ জন। অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন ১ জন।
সংবাদ সম্মেলনে প্রতিবেদন পড়ে শোনান পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। প্রতিবেদনে বলা হয়, গত বছর ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে ২০৯টি। এর মধ্যে ৬০টি পরিবার উচ্ছেদের শিকার হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে ৩১টি ধর্মীয় প্রতিষ্ঠানে। ভাঙচুর করা হয়েছে ১৮০টি প্রতিমা। সবচেয়ে বেশি প্রতিমা ভাঙচুর ও উচ্ছেদের ঘটনা ঘটে জানুয়ারি মাসে। ওই সময় ৮৩টি প্রতিমা ভাঙা হয় এবং উচ্ছেদের ঘটনা ঘটে ৫৪টি। জানুয়ারিতে শুধু যশোরেই ক্ষমতাসীন এক নেতার অত্যাচারে ৩১টি সংখ্যালঘু পরিবার দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়।
অনুষ্ঠানে বলা হয়, ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ ও বিভিন্ন থানা থেকে পাওয়া মামলার তথ্য নিয়ে এই প্রতিবেদন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বেশির ভাগ ক্ষেত্রে দুষ্কৃতকারীরা রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব ব্যবহার করেছে। সম্পত্তি দখল ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে পার্থক্য দেখা যায়নি। রাজনৈতিক পরিচয় ও আদর্শ থেকে বের হয়ে এসে তাঁরা সম্পত্তি দখল ও নির্যাতনে অংশ নিয়েছেন। ১৩ মার্চ বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ নেতারা একযোগে ১৪টি হিন্দু পরিবারে হামলা করে তাদের ৪০ একর জমি দখলের চেষ্টা করেন।
প্রতিবেদনে বলা হয়, হামলার বেশ কিছু ঘটনায় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। বরং কিছু ক্ষেত্রে দুষ্কৃতকারীদের সহযোগিতা করেছে।
সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য নিম চন্দ্র ভৌমিক, ক্যাপ্টেন শচীন কর্মকার, সুব্রত চৌধুরী, ভবন্ত সনন্দ প্রিয় ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন।