সংখ্যালঘুদের ওপর আঘাত বরদাশত করা হবে না: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ সব স্থাপনা রক্ষায় বিএনপির নেতা-কর্মী, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ নাগরিকসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।গতকাল সোমবার এক বিবৃতিতে খালেদা জিয়া এ আহ্বান জানান। একই সঙ্গে ইতিমধ্যে সংঘটিত হামলার ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের উপযুক্ত বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘ব্যর্থ ও গণবিচ্ছিন্ন সরকারের ফ্যাসিবাদী নির্যাতন-নিপীড়ন ও নির্বিচার হত্যাকাণ্ডের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ যখন ফুঁসে উঠে প্রতিরোধের লড়াই শুরু করেছে, সে মুহূর্তে বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের বেশ কয়েকটি ঘটনার কথা আমরা জানতে পেরেছি।’ তিনি বলেন, ‘আমি এসব ঘৃণ্য সাম্প্রদায়িক ও সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কঠোর হাতে এই অপতৎপরতা দমনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’বিএনপির চেয়ারপারসন বলেন, ‘১ মার্চ সংবাদ সম্মেলনে আমি পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণ চালিয়ে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টার কথা উল্লেখ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছিলাম। আমি আবারও সেই আহ্বানের পুনরুল্লেখ করছি এবং সবাইকে সম্মিলিতভাবে এই ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’‘কোনো কুচক্রি মহলের উসকানিতে সংখ্যালঘু ভাইবোনদের জীবন, সম্পদ ও সম্মান যেন ক্ষতিগ্রস্ত না হয়’—সে ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান খালেদা জিয়া। তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ধর্ম-গোত্র-সম্প্রদায় নির্বিশেষে এ দেশে বসবাসরত প্রতিটি নাগরিকের জান-মাল-সম্ভ্রমের নিরাপত্তা ও ধর্মীয় অধিকারের সুরক্ষায় আমরা বদ্ধপরিকর। এর ওপর কোনো আঘাত বরদাশত করা হবে না।’‘সরকার গণহত্যা কর্মসূচি পালন করছে’: এদিকে দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে বিরোধী দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করে সরকার এখন ‘গণহত্যা কর্মসূচি’ পালন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল এক বিবৃতিতে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। তিনি এর প্রতিবাদে বিএনপির ডাকা আজকের সকাল-সন্ধ্যা হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।