সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। গতকাল বৃহস্পতিবার কমিশনের বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। কমিশন বলেছে, ধর্মীয় সাম্প্রদায়িক শক্তি যে বিভেদ ও অনৈক্য সৃষ্ট করতে চায়, তা এখনই রুখতে হবে। নাগরিকদের মধ্যে পূর্ণ নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে রাষ্ট্র ও সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সব অসাম্প্রদায়িক ও প্রগতিশীল শক্তিকে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার স্বার্থে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কমিশনের পাঠানো এ-সংক্রান্ত ফ্যাক্স-বার্তায় কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক, সম্মানিত সদস্য মাহফুজা খানম, সেলিনা হোসেন, ফাওজিয়া করিম ফিরোজ, আরমা দত্ত ও নিরূপা দেওয়ানের নাম উল্লেখ রয়েছে।
কমিশন মনে করে, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা নাগরিক অধিকারের চরম লঙ্ঘন। এ হামলা সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছে। এসব কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রকে। যারা এ সহিংসতার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।