সংখ্যালঘু সম্প্রদায় এবং তাঁদের ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর হামলার মতো অমানবিক কর্মকাণ্ড রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।
গতকাল শনিবার টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা সর্বজনীন মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংহতি সমাবেশে বক্তব্যের সময় সুলতানা কামাল ওই আহ্বান জানান।
সুলতানা কামাল বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধে অন্যতম প্রতিজ্ঞা ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা মানে মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত করা।’
ফলদা মন্দিরে দুর্বৃত্তরা গত ১ এপ্রিল রাতে হামলা চালিয়ে প্রতিমায় অগ্নিসংযোগ ও লুটপাট করে। ওই ঘটনার পর থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায় সেখানে পূজা-অর্চনা বন্ধ রেখেছেন।
মন্দিরটির নিয়মিত কার্যক্রম আবার শুরু করার আহ্বান জানিয়ে সুলতানা কামাল বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এখানে ঘটে যাওয়া ঘটনার জন্য আমরা লজ্জিত, দুঃখিত ও মর্মাহত।’
ফলদা সর্বজনীন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সরন দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর সংগঠক সারওয়ার আলী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আহমেদ জিয়াউদ্দিন তারিক আলী, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলাল উদ্দিন সরকার, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেচ আলী, স্থানীয় সংগঠক অমূল্য বৈদ্য, সুবোধ দত্ত, সন্তোষ দত্ত প্রমুখ।