সংখ্যালঘুদের ওপর হামলা, হুমকিতে ঘরছাড়া

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের সহস্রাধিক ব্যক্তি ঘরবাড়ি ছেড়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) একটি মন্দিরে আশ্রয় নিয়েছেন। রোববার নির্বাচনের দিন সহিংসতার পর বিএনপি-জামায়াতে ইসলামীর কর্মীরা হত্যার হুমকি দিলে সন্ধ্যার পর থেকে তাঁরা ইসকনে আশ্রয় নেন।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর গ্রামের সংখ্যালঘু পরিবারগুলোকে এলাকাছাড়া করার হুমকি দিয়েছে জামায়াত-শিবির। যশোরের মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের একটি পরিবারের কাছে দুই লাখ টাকা চাঁদা চেয়েছে মুখোশধারীরা। নয়তো তাঁদের ঘরবাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও: স্থানীয় লোকজন ও গড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় চৌধুরী জানান, ভোট চলাকালে বিএনপি-জামায়াতের কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালান। এ সময় তাঁরা বিদ্যালয়ের বেঞ্চ ও টেবিল ভাঙচুর করেন। পরে তাঁরা দেউনিয়া বাজারে হিন্দুদের ২০-২৫টি দোকান ভাঙচুর ও মালামাল লুট করেন। এ ঘটনার পর আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে বিএনপি-জামায়াতের কর্মীদের সংঘর্ষে শিমুলডাঙ্গী গ্রামের বিএনপির কর্মী আবু হানিফ মারা যান। পরে বিএনপির কর্মীরা গড়েয়া গোপালপুরের বিভিন্ন জায়গায় হিন্দুদের দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। বিএনপি-জামায়াতের কর্মীরা ওই গ্রামে গিয়ে হিন্দুদের হত্যার হুমকি দেন। আতঙ্কে তাঁরা ওই দিন সন্ধ্যার পর থেকে শিশু, নারীসহ সবাই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে ইসকনের ধর্মশালায় আশ্রয় নিতে শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গড়েয়া গোপালপুর গ্রামের এক বৃদ্ধ জানান, বিএনপি-জামায়াতের কর্মীদের হুমকির পর থেকে তাঁরা শুনতে পান, বিভিন্ন জায়গায় হিন্দুদের হত্যা করা হচ্ছে। এরপর তাঁরা বাড়িঘর ফেলে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে বেরিয়ে পড়েন।
জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার ফয়সল মাহমুদ গতকাল দুপুরে ওই এলাকা পরিদর্শনে যান। তাঁরা মন্দিরে আশ্রয় নেওয়া লোকজনের সঙ্গে কথা বলে তাঁদের সাহস দেন।
এ সময় ফয়সল মাহমুদ বলেন, ‘দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনারা বাড়ি ফিরে যান। প্রশাসন আপনাদের পাশে থাকবে। এরপর কিছু হলে এর দায় প্রশাসন নেবে।’
মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘আপনাদের নিরাপত্তার কথা ভেবে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি ক্যাম্প স্থাপন করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ওই মন্দিরের অধ্যক্ষ পুষ্প শিলা গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘রোববার রাতে প্রায় ২০০ হিন্দু পরিবারের সদস্য এখানে আশ্রয় নেন। সকালে সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এখন এখানে শিশুসহ এক হাজার থেকে এক হাজার ২০০ মানুষ রয়েছেন। যাঁরা আশ্রয় নিয়েছেন, আমরা তাঁদের জন্য সাধ্যমতো খাবারের ব্যবস্থা নিয়েছি।’
সংখ্যালঘুদের হুমকি: সাতক্ষীরার তালা উপজেলার জয়নগর এলাকায় সংখ্যালঘু পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে দুজন হিন্দু পরিবারের সদস্য জানান, রোববার ভোট দেওয়ার পর থেকে জামায়াত-শিবিরের পক্ষ থেকে তাঁদের এলাকাছাড়া করার হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, নাকলা, উতুলি, ভবানীপুর, পরানপুর, ঘোনাসহ ইসলামকাটি ইউনিয়নের ১৯টি গ্রামের হিন্দুরা এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছেন। ভোটে অংশ নেওয়ার অভিযোগ তুলে হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা বাইরে বের হতে পারছেন না।
একই অবস্থা ওই এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের। তালা সদর ইউনিয়নের জিয়ালা, জিয়ালা-নলতা, জামালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটি, কানাইদিয়া, চর কানাইদিয়া, আটঘাটা, নিহালপুর, মাগুরা ইউনিয়নের বালিয়াদাহ ও রঘুনাথপুর এলাকাতেও সংখ্যালঘু পরিবারের সদস্যরা জামায়াত-শিবিরের হুমকি-ধমকিতে আতঙ্কের মধ্যে রয়েছেন।
চাঁদা দাবি: রোববার রাতে যশোরের মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের পালপাড়ার গৌরপালের কাছ থেকে সাত হাজার টাকা চাঁদা নিয়ে গেছে মুখোশধারী কয়েকজন ব্যক্তি। তারা আরও দুই লাখ টাকা চেয়েছে। গ্রামের কুটিয়া রানীর সামনে রাম দা উঁচিয়ে আজ সোমবার সন্ধ্যার মধ্যে তাঁর চাকরিজীবী ছেলেকে হাজির করতে বলে।